শতবর্ষের উত্তম স্মরণের দ্বিতীয় দিনে নিউ টাউনে ইকো পার্কের কাছে ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর শিলান্যাস ও ভূমি পূজো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত-সহ অভিনয় জগতের বিশিষ্টরা।পাশাপাশি ছিলেন অর্জুন সিং, পূর্ণিমা চক্রবর্তীর মত মন্ত্রীরা। উত্তমকুমারের শতবর্ষ উদযাপনের অংশ হিসাবে এই ফিল্ম সেন্টার-এর শিলান্যাস হল আজ(শুক্রবার)।
বৃহস্পতিবার ছিল উত্তম কুমারের জন্ম দিবস। সেই উপলক্ষে দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তম কুমারের শতবর্ষ উপলক্ষে বর্ষব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শুক্রবার জন্মাষ্টমীর দিনে উত্তম কুমারের নামাঙ্কিত ফিল্ম সেন্টারের শিলান্যাস এবং ভূমি পুজো হল।
এই অনুষ্ঠান থেকেই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা করছেন হচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আগামী কয়েক দিনের মধ্যেই এই দায়িত্বভার গ্রহণ করবেন মহাগুরু। পাশাপাশি উত্তম স্মরণ ও স্মরণে একাধিক কর্মসূচির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, "উত্তম কুমারের শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রাজ্য সরকার একাধিক কর্মসূচি নিয়েছে। এই ফিল্ম সেন্টারের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৭৫০ আসনের দুটি প্রেক্ষাগৃহ নির্মাণ করা হবে, ওপেন এয়ার সিনেমা হল থাকবে। পাশাপাশি একটি সংগ্রহশালা নির্মাণ হবে এবং শেষে একটি গবেষণা কেন্দ্র। "
মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমরা উত্তম কুমারের স্মরণে সম্মাননা জানাবো আমরা এই নাম বেছে নিইনি, বেছে নিয়েছেন যারা উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন তারা, আমরা বিশ্বাস করি যারা যে ধরনের কাজ করে তাদের দিয়ে সেই কাজ করাতে।"
নিজের বক্তব্যে আলাদা ভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তের নাম নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন," প্রসেনজিৎ পদ্ম সম্মানে সম্মানিত দেশ তাঁকে সম্মান জানিয়েছে। তাঁর নতুন করে কিছু পাওয়ার নেই। কিছুদিন আগে তিনি নবান্নে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তখন সংবাদমাধ্যমে দেখানো হয়েছিল তিনি রাজনীতিতে যোগদান করছেন। কিন্তু তিনি এসেছিলেন নিজের জন্য নয় উত্তম কুমারের শতবর্ষ যাতে ভালোভাবে পালিত হয় তার জন্য আবেদন জানাতে।"
এর পাশাপাশি যীশুর আলাদাভাবে প্রশংসা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "গতকাল থেকে একের পর এক অনুষ্ঠানে যীশু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে যেভাবে রাজনৈতিক মিটিং সংগঠিত করতে হয় যীশু এই কাজগুলি তেমনভাবেই সংগঠিত করছে।"
একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা উত্তম কুমারের জন্মশত বর্ষ এমনভাবে পালন করব যাতে আগামী প্রজন্ম মনে রাখে। তাঁর যখন ২০০ বছর হবে তখন আমরা কেউ থাকবো না কিন্তু তখন যেন আলোচনা হয় তাঁর ১০০ বছর কীভাবে পালিত হয়েছিল।"
















