দ্বিতীয় হুগলি সেতুতে (Vidyasagar Setu) মেরামতির জন্য প্রায় প্রতি রবিবারই বেশ কিছুটা সময় ধরে যান চলাচল বন্ধ রেখে সেখানে কাজ চলে। আগামী রবিবার অর্থাৎ ১২ জুলাই ১৬ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)-এর উদ্যোগে বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল্ড-ডাউন কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের কাজ চলবে। সেই কারণে ওই দিন সেতু এবং তার সমস্ত সংযোগকারী ব়্যাম্পে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

যান চলাচলের সুবিধা আরও উন্নত করতে এবং জন সুরক্ষার কথা মাথায় রেখে মোটর ভেহিকল অ্যাক্ট, কলকাতা পুলিশ অ্যাক্ট এবং পশ্চিমবঙ্গ ট্র্যাফিক রেগুলেশন অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় সেতু মেরামতির কাজের নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু দীর্ঘ সময় বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে তাই সেক্ষেত্রে ছুটির দিনে বেশ কিছু বিকল্প পথ ব্যবহার করা নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে পূর্বমুখী গাড়িগুলি হেস্টিংস মোড় থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে।জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী ছোট বড় যানকে হেস্টিংস হয়ে স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর উদ্দেশে আসা পশ্চিমমুখী সমস্ত যানবাহনকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পরিস্থিতি বুঝে প্রয়োজন মতো অন্যান্য রুটেও ট্রাফিক নিয়ন্ত্রণ করা হতে পারে।