ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল রাইটস অ্যাক্টিভিস্টস ফ্রন্ট (West Bengal Animal Rights Activist's Front) ও রামমোহন সম্মিলনীর যৌথ উদ্যোগে রবিবার পশুপাখিদের চিকিৎসার্থে আয়োজিত হলো 'অবলা ক্যাম্প'। উপস্থিত ছিলেন বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং WBARAF এর প্রেসিডেন্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। রামমোহন সম্মিলনীতে আয়োজিত এই ক্যাম্পে একদিকে যেমন পোষ্যদের নিয়ে এসেছিল বিভিন্ন পরিবার, এর পাশাপাশি পথপুকুর বিড়ালদেরও চিকিৎসা ব্যবস্থা করা হয়। এদিন শ্রীলেখার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনও করা হয়।
অবলা ক্যাম্প (Obola Camp) উদ্যোগ প্রসঙ্গে কুণাল বলেন, সমাজকে যদি ভালো রাখতে হয়, প্রকৃতির ভারসাম্য ঠিকঠাক রাখতে হলে পশু পাখিদেরও ভালো রাখা দরকার। ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল রাইটস অ্যাক্টিভিস্টস ফ্রন্ট ও রামমোহন সম্মিলনীর যৌথ উদ্যোগে অভিনেত্রী ও পশুপ্রেমী শ্রীলেখা মিত্রর জন্মদিনে পশুপাখিদের ফ্রি হেলথ চেকআপ, ভ্যাকসিন দেওয়া সহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আয়োজন করা হয়েছে।শুধু বাড়ির পোষ্যই নয়, পশু চিকিৎসকদের উপস্থিতিতে অবহেলিত পথপুকুর থেকে শুরু করে রাজাবাজারের ঘোড়ার স্বাস্থ্য পরীক্ষাও করা হবে বলে জানান বেলেঘাটার তৃণমূল বিধায়ক (TMC)।

রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শের হলেও কুণালের সহযোগিতা ও উদ্যোগের প্রশংসা করে শ্রীলেখা বলেন, বেলেঘাটার বিধায়ক যেভাবে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এই অনুষ্ঠানে আগ্রহ দেখিয়েছেন অংশ নিয়েছেন, সুন্দরভাবে এই আয়োজন সম্পন্ন করতে সাহায্য করেছেন, সেটা অন্যান্যদের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। অভিনেত্রীর কথায়, 'আমার কাছে একজন মানুষকে চেনার উপায় হল তিনি পশুদের প্রতি কেমন আচরণ করছেন সেটা দেখা। এই কর্মসূচি রাজনীতির উর্ধ্বে। এরকম আরও অনেক ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে বিরোধী রাজনৈতিক আদর্শ বিশ্বাসী মানুষের কাছে যেতেও আমার আপত্তি নেই।'

সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত রামমোহন সম্মিলনীতে আয়োজিত এই ক্যাম্পে পার্শ্ববর্তী এলাকা থেকেও অনেকে নিজেদের পোষ্যদের স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে আসেন। সকলেই ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল রাইটস অ্যাক্টিভিস্টস ফ্রন্ট এবং তৃণমূল বিধায়কের ভূমিকার যথেষ্ট প্রশংসা করেন।

















