অ্যাকাডেমিতে সরকারি মদতে আগ্রাসনের চেষ্টা চলছে, শনিবার এই অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ওয়ার্কার্স ইউনিয়ন। বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ- সন্তু পানদের বিরুদ্ধে তোপ দেগে ইউনিয়নের তরফ থেকে সত্যব্রত ঘোষ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রাণু মুখোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে সাম্প্রতিককালে সরকারি মদতে যা যা ঘটছে তা নিঃসন্দেহে উদ্বেগের। বিনা ভাড়ায় অ্যাকাডেমির ঘর দখল করা থেকে রংবদলের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। এটা রাজনীতি করার জায়গা নয়।

এদিন অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ওয়ার্কার্স ইউনিয়নের তরফে বলা হয় এখানকার কর্মচারীরা সকলের ঐক্যবদ্ধ। একটাই ইউনিয়ন। একজন ছাড়া বাকি সকলেই এর সঙ্গে যুক্ত। এখন রুদ্রনীল-সন্তুরা যেভাবে বিনা ভাড়ায় অ্যাকাডেমির বিভিন্ন কক্ষে মিটিং করছেন, নিজেদের স্বার্থ পূরণে এত বড় এক প্রতিষ্ঠানের ঐতিহ্য নিয়ে ছেলেখেলা করছেন সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সত্যব্রত বলেন, ইচ্ছাকৃতভাবে অ্যাকাডেমিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। নিয়মিতভাবে দারোয়ানের কাছে না রেখে নিজেদের কাছে চাবি রাখতে চাইছেন এই স্বার্থান্বেষীরা। এর তীব্র প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষকে দ্রুত হস্তক্ষেপ করার জন্য চিঠিও দিয়েছেন বলে ওয়ার্কার্স ইউনিয়নের তরফে জানানো হয়।
এদিন ওয়ার্কার্স ইউনিয়নের তরফে অভিযোগ করে বলা হয় যে শম্ভু মিত্র-তৃপ্তি মিত্র যে ঘর থেকে শোয়ের টিকিট বিক্রি করতেন সেটিকে জোর করে দখল করে রাখা হয়েছে। অ্যাকাডেমি চত্বরের লনে কিছু করতে গেলে অনুমতি নিতে হয় এবং ভাড়া দিতে হয়। রুদ্রনীলরা সেসব কিছুই করেননি। পাশাপাশি গেরুয়া রং নিয়ে বিজেপি বিধায়কের মিথ্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছে ওয়ার্কার্স ইউনিয়ন। পদ্মনেতা-অভিনেতা রুদ্রনীল বলেছিলেন, আগে নাকি অ্যাকাডেমির রং গেরুয়া ছিল। সেই দাবি নস্যাৎ করে বলা হয়, এখানে পোড়ামাটির রং ছিল, রবি ঠাকুরের শান্তিনিকেতনের আদলে। রং করার অথোরিটি ইউনিয়নের নেই। চারটে ঘর দখল করে আছে। অথোরিটির কাজের জন্য কিছু ঘর ব্যবহার করা হয় তাতে ইউনিয়নের কোনও হাত নেই। ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই প্রতিষ্ঠানের সব কক্ষের চাবি দারোয়ানের কাছে রাখতে হবে বলেও ওয়ার্কার্স ইউনিয়নের তরফে দাবি জানানো হয়।
















