সোশ্যাল মিডিয়া বা পরিচিত সূত্রের মাধ্যমে যোগাযোগ, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি। অভিযোগ, সেই সুযোগে ব্যক্তিগত ছবি ও তথ্য সংগ্রহ করে পরবর্তীতে শুরু হত ব্ল্যাকমেলের চেষ্টা। টাকা না দিলে ধর্ষণ বা শ্লীলতাহানির মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হত, এমনই অভিযোগে কলকাতায় গ্রেফতার রাগেশ্রী গোপ নামে এক তরুণী। আলিপুর আদালতের নির্দেশে তদন্তে নামে পঞ্চসায়র থানার পুলিশ। তদন্তের পর শুক্রবার সন্তোষপুর ইস্ট রোডে বাড়ির সামনে থেকে রাগেশ্রীকে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে ১ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শহরের একাধিক থানায় ওই তরুণীর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। সার্ভে পার্ক, সার্ভে পার্ক মহিলা থানা, পঞ্চসায়র, রবীন্দ্র সরোবর, আনন্দপুর ও যাদবপুর-সহ বিভিন্ন থানায় অভিযোগের তথ্য পাওয়া গিয়েছে। পুরুষ অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলির দাবি, এমন ১৪টি অভিযোগের তথ্য তাঁদের কাছে রয়েছে। পঞ্চসায়র থানার মামলায় এক চিকিৎসকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। চিকিৎসকের প্রাক্তন রোগী হিসেবে পরিচিত ওই তরুণী গত ডিসেম্বর থেকে আর্থিক দাবি নিয়ে চিকিৎসককে হুমকি দিচ্ছিলেন। দাবি পূরণ না করলে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল বলেও অভিযোগ পরিবারের।

তদন্তকারীরা এখন অভিযুক্তের মোবাইল ফোন, কল রেকর্ড এবং বিভিন্ন থানায় দায়ের হওয়া আগের মামলার নথি পরীক্ষা করছেন। ঘটনার নেপথ্যে কোনও বৃহত্তর চক্র রয়েছে কিনা, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত এখনও চলছে।