মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ উদযাপন ঘিরে যখন শহরজুড়ে আলোর রোশনাই, তখনই এক চরম বিতর্ক ও অপমানের কাহিনী সামনে এল। মহানায়কের এই ঐতিহাসিক জন্মশতবার্ষিকীর মূল সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি তাঁর নিজের পরিবারকে। উত্তম কুমারের সহোদর তথা কিংবদন্তি অভিনেতা তরুণ কুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জি সরাসরি ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, এই মহা-আয়োজনে তাঁদের কোনও খোঁজই নেওয়া হয়নি।
আরও পড়ুন: অপারেশন সিন্দুরের বদলায় কেরালায় কুরুক্ষেত্র! পুজোয় নয়া ধামাকা একেনবাবুর
সৌরভ ও ত্বরিতার অভিযোগ, মহানায়কের শতবর্ষ পূর্তির মতো এত বড় একটি আবেগের অনুষ্ঠানে পরিবারের সদস্যদের ব্রাত্য করে রাখা কেবল তাঁদের অপমান নয়, বরং উত্তম-তরুণ জুটির অমর স্মৃতিকে অসম্মান করা। আরও আশ্চর্যের বিষয় হল, অনুষ্ঠানে উপস্থিত টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা এবং কলাকুশলীদের কেউ-ই এই বিষয়টি নিয়ে টু শব্দ করেননি। মহানায়কের পরিবারের অনুপস্থিতি নিয়ে চলচ্চিত্র জগতের কারও মধ্যে কোনও ভ্রূক্ষেপ বা আগ্রহ দেখা যায়নি, যা টলিউডের অন্দরের দলবাজি ও মেরুদণ্ডহীন মানসিকতাকেই নগ্ন করে দিয়েছে বলে মনে করছেন নেটিজেনরা।
আরও পড়ুন: ‘কিং স্টাইলে’ এন্ট্রি, মহৎ উদ্দেশ্য নিয়ে গৃহপ্রবেশের আগেই বিগ বসে জীতুর ধামাকা!
এই চরম উদাসীনতা এবং অপমানজনক ঘটনার পর তীব্র ক্ষোভের মুখে পড়েছে বর্তমান রাজ্য সরকার। ওয়াকিবহাল মহলের মতে, এই বঞ্চনার পিছনে রয়েছে স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসা। ২০২৩ সালে তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তৎকালীন বিরোধী দল তথা বর্তমান শাসক দল বিজেপির ‘সংস্কৃতি সেল’ এবং বর্তমান রাজ্য প্রশাসনের একাংশ সেই রাজনৈতিক শত্রুতা ভোলেনি। ফলে, রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণে মহানায়কের নিজের রক্তের উত্তরাধিকারীদের এভাবে ব্রাত্য করে রাখা হল।
আরও পড়ুন: রবিবাসরীয় মেট্রো বন্ধে চূড়ান্ত যাত্রী ভোগান্তি, আংশিক ব্যাহত ট্রেন পরিষেবাও!
সমালোচকদের দাবি, বর্তমান বিজেপি সরকার মুখে “সবকা সাথ, সবকা বিকাশ” বা টলিউডে “রাজনীতিমুক্ত স্বচ্ছতা” আনার ফাঁকা বুলি আওড়আচ্ছে, তাই বাস্তবে তার কোনও প্রতিফলন নেই। উত্তম কুমার ও তরুণ কুমার কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নন, তাঁরা আপামর বাঙালির আবেগ। মহানায়কের শতবর্ষ উদযাপনে তাঁরই পরিবারের প্রতি এমন আচরণ বাঙালির সংস্কৃতিতে এক কালো অধ্যায় হয়ে থাকবে।
















