সামনেই নির্বাচন। আর সেই নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন বা সিনটা (CINTAA)-র মুম্বইয়ের দফতর। ১২ সেপ্টেম্বর হওয়া বহু প্রতীক্ষিত এক্সিকিউটিভ কমিটির নির্বাচনের ঠিক আগের দিন, অর্থাৎ শুক্রবার রাতে সংগঠনের কার্যালয়ে হাজির হন তারকারা। আর সেখানেই একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে হাতাহাতি ও চরম বচসায় জড়িয়ে পড়েন বলিউডের পুনম ঢিলোঁ, পদ্মিনী কোল্হাপুরে, উপাসনা সিংহ-সহ একাধিক শিল্পী। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে শেষমেশ আইন-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
আরও পড়ুন: সুইমিংপুলে জলকেলি! নিন্দুকদের মুখে ঝামা ঘসে এক ফ্রেমে রাজশ্রী
কী নিয়ে এই চরম অশান্তি? সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধ বেশ কিছুদিন ধরেই চলছিল, যা ভোটের আগের দিন রাতে প্রকাশ্যে চলে আসে। মূল বিবাদের সূত্রপাত ‘সিনটা’-র অতি গুরুত্বপূর্ণ নথি বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, এমন অভিযোগকে ঘিরেই। বিরোধী শিবিরের নেত্রী তথা অভিনেত্রী উপাসনা সিং অভিযোগ তোলেন যে, বিদায়ী কমিটির সভাপতি পুনম ধিলোঁ এবং সহ-সভাপতি পদ্মিনী কোলহাপুরে বেআইনিভাবে ও গোপনে দফতর থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র একটি টেম্পো গাড়িতে করে সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন। খবর পেয়েই উপাসনা সিং সেখানে পৌঁছে তাঁদের হাতেনাতে ধরে ফেলেন এবং বাধা দেন। পাল্টা যুক্তিতে পুনম ধিলোঁ ও পদ্মিনী কোলহাপুরে দাবি করেন, তাঁরা কোনও চুরি করেননি। সংগঠনের নথিপত্র এবং প্রায় ৮ হাজার সদস্যের গোপনীয় তথ্য সুরক্ষিত রাখার জন্যই সেগুলিকে রেজিস্টার্ড সেফ হাউসে নিয়ে যাওয়া হচ্ছিল।
আরও পড়ুন: SIR শুনানিতে ডাক প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ -মিতালীর!
উত্তেজনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুম্বইয়ের ভার্সোভা থানার পুলিশ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, জাতীয় স্তরের নামী অভিনেত্রীদের এভাবে চিৎকার ও হাতাহাতি করতে দেখে মেজাজ হারান কর্তব্যরত পুলিশ আধিকারিক। এক পুলিশকর্মীকে বলতে শোনা যায়, ‘‘সবকিছুর একটা সীমা আছে।’’ এমনকি নিজেদের মর্যাদার কথা মাথায় রেখে আচরণ করার পরামর্শও দেন তিনি। পুলিশের বক্তব্য, অভিযোগ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন সকলে যে, তাঁদের কথা কেউ শুনছেন না।
গত অগাস্টে ২১ সদস্যের নির্বাচিত কমিটির ১১ জন পদত্যাগ করেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আট জন নির্বাচিত প্রতিনিধি। ফলে নিয়ম অনুযায়ী কমিটি ভেঙে যায় এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) ১২ সেপ্টেম্বর নতুন নির্বাচনের ডাক দেয়। আর সেই ভোটের ঠিক আগের রাতেই তারকাদের এমন প্রকাশ্য ‘লড়াই’ ভারতীয় বিনোদন জগতে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।
















