বেশ কিছুদিন ধরেই চর্চায় টলিউডের অন্যতম দম্পতি জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘দেশু ৭’ সিনেমার প্রচার থেকেই শুরু হয়েছে গুঞ্জন। সম্প্রতি ৮০-র ট্রেন্ডি লুকেও দেব-শুভশ্রী একসঙ্গে। সিনেপাড়ার অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে দেব-শুভশ্রীর মাখোমাখো রোম্যান্সে নাকি দূরত্ব বেড়েছে রাজ-শুভশ্রীর সংসারে। এমনকি রাজ নাকি আলাদা ফ্লাটে থাকতেও শুরু করেছেন! নিন্দুকদের এই সমস্ত গুঞ্জনে ঝামা ঘষে দিয়ে রোম্যান্টিক মুডে ধরা দিলেন রাজ-শুভশ্রী। উপলক্ষ যুবানের জন্মদিন।
আরও পড়ুন: একা থাকার চ্যাপ্টার ক্লোজ! ছাদনাতলায় বসতে চলেছেন টলি ক্যুইন মিমি
শনিবার ছিল যুবানের জন্মদিন। দেখতে দেখতে ছয় বছরে পড়ে গেল যুবান। আর সেই জন্মদিন উপলক্ষেই একাধিক ছবি ভাগ করে নিয়েছেন রাজ। শুধু ছবি শেয়ার করেই চুপ থাকেননি। কেন তিনি শুভশ্রীর প্রেমে বারবার পড়েন সে কথাও জানিয়েছেন। কোথাও বাবা-মায়ের মধ্যমণি রাজপুত্র, তো কোথাও আবার ছেলের গালে স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন শুভশ্রী। শুভশ্রীর এই মাতৃসুলভ কেয়ারিং মনোভাবেই বারে বারে মুগ্ধ পরিচালক। রাজের বার্তা, “শুভ জন্মদিন ইউভান। একই সঙ্গে তোমার ‘মাম্মা’কেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। কারণ, ইউভানের জন্মের মাধ্যমেই তোমার মাতৃত্বের প্রকাশ হয়েছিল। প্রতিদিন আমি সেই শক্তি ও ভালোবাসার প্রশংসা করি, যার মাধ্যমে তুমি শুধু আমাদের সন্তানদের বড়ই করছ না, বরং পুরো পরিবারকে একসুতোয় বেঁধেও রেখেছ। এসব কিছুই আমাকে প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়তে বাধ্য করে।”
আরও পড়ুন: নভেম্বরেই আংটিবদল? গুঞ্জন উড়িয়ে মুখ খুললেন ‘তিলোত্তমা’র নায়িকা
নেটিজেনদের নজর কেড়েছে যুবানের কেক কাটার পর্বের চেয়েও রাজ-শুভশ্রীর জমাটি রসায়ন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবিতে দেখা যাচ্ছে, নীল জলের মাঝে একে অপরকে জড়িয়ে ধরেছেন রাজ ও শুভশ্রী। শুভশ্রীর পরনে ছিল স্টাইলিশ সুইমওয়্যার এবং রাজ ধরা দিয়েছেন ক্যাজুয়াল লুকে। জলের মাঝেই স্ত্রীর ঠোঁটে ঠোঁট রেখে আদরে ভরিয়ে দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। তাঁদের এই ঘনিষ্ঠ ও ভালোবাসায় মোড়ানো মুহূর্তটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।
রাজ-শুভশ্রীকে নিয়ে মাঝেমধ্যেই নানা কটু কথা উড়ে আসে ট্রোলারদের তরফ থেকে। তবে এই তারকা দম্পতি বরাবরই এসবে কান না দিয়ে নিজেদের মতো বাঁচতে ভালোবাসেন। যুবানের জন্মদিনের এই ‘জলকেলি’ ও প্রকাশ্য রোম্যান্স যেন আরও একবার বুঝিয়ে দিল— বাইরের কোনো নেতিবাচকতাই তাঁদের সম্পর্কের সমীকরণকে টলাতে পারবে না। নিন্দুকদের সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের ভালোবাসার রাজত্বে মজে আছেন তাঁরা।
আরও পড়ুন: “যে ভালো রাখবে তাঁর সঙ্গেই থাকো!” প্রেমিকের হাত ধরে পালানো স্ত্রীর বিয়ে দিলেন জওয়ান স্বামী
খুদে যুবানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ-শুভশ্রীর এই ভালোবাসায় মাখামাখি ছবি দেখে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন, “একেই বলে পারফেক্ট কাপল গোলস।” আবার কেউ লিখেছেন, “অন্যরা কী বলল তাতে কী যায় আসে, আপনারা এভাবেই ভালো থাকুন।” যুবানের জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ-শুভশ্রীর এই বোল্ড ও রোম্যান্টিক অবতার এখন টলিপাড়ার হট টপিক।
















