পর্দার রোমান্সে হাজারো ভক্তের মন কাড়লেও, বাস্তব জীবনে তাঁর মনের মানুষটি কে—এই প্রশ্ন বহু বছর ধরেই ঘুরপাক খাচ্ছিল টলিপাড়ায়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে রূপালি পর্দার গ্ল্যামার মিমি চক্রবর্তী বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। খবর তেমনই। তবে পাত্র ইন্ডাস্ট্রির কেউ নন। নৌসেনায় কর্মরত। নাম সিদ্ধার্থ।

আরও পড়ুন: নভেম্বরেই আংটিবদল? গুঞ্জন উড়িয়ে মুখ খুললেন ‘তিলোত্তমা’র নায়িকা

সূত্রের খবর, আগামী নভেম্বর মাসেই আইনি বিয়ে সারতে পারেন অভিনেত্রী। এরপর ডিসেম্বর মাসে বসবে মূল বিয়ের জমকালো আসর। আর এই বিশেষ দিনটির জন্য কোনো চেনা ডেস্টিনেশন নয়, বরং বেছে নেওয়া হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ঘেরা শান্ত, স্নিগ্ধ শহর কালিম্পংকে। জলপাইগুড়ির মেয়ে মিমির শিকড় যেহেতু উত্তরবঙ্গেই, তাই পাহাড়ের কোলে এমন আয়োজন বেশ তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই মিমির পরিবারের পক্ষ থেকে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছানোর কাজও শুরু হয়ে গেছে বলে খবর। 

আরও পড়ুন: নেতাজিকে অপমান করেও অনন্ত মহারাজ কেন গ্রেফতার নয়? প্রশ্ন তৃণমূলের

তবে পাত্রপাত্রী উভয়েই মুখে কুলুপ আঁটলেও সূত্রের খবর, বিয়ের শপিং থেকে বিয়ের নিমন্ত্রণপত্র বিলি পর্ব চলছে জোরকদমে। কারণ হাতে যে সময় খুব কম। তাই বিয়ের প্রস্তুতি যে এখন তুঙ্গে তা বলাই বাহুল্য। 

টলিপাড়ার অন্যতম নায়িকা মিমি। তাঁকে নিয়ে তাঁর অনুরাগীদের কৌতূহল থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু তিনি কবে বিয়ের পিঁড়িতে বসছেন এই নিয়ে এতদিন মুখ না খুললেও সম্প্রতি এক অনুরাগীর প্রশ্নের জবাবে মিমি যে উত্তর দেন, তা বিয়ের জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। 

আরও পড়ুন: বিভুরঞ্জন থেকে পুলক চট্টোপাধ্যায়ের রহস্যমৃত্যু: কাকতালীয়, নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের মুক্ত কণ্ঠরোধ!

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর প্রায় এক দশক মিমির ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তবে মিমি বরাবরই নিজের ক্যারিয়ার এবং কাজকে প্রাধান্য দিয়ে এসেছেন। বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা-সহ বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ছবিটি পুজোয় মুক্তি পাবে। 

বিয়ের এই খবরটি নিয়ে টলিপাড়া সরগরম হলেও, মিমি চক্রবর্তী কিংবা তাঁর হবু বরের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। অভিনেত্রীর আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এখনই বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। তবে ভক্তরা কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় ‘পাহাড়ি কন্যা’কে নতুন জীবনের আগাম শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন।