বিগ বস বাংলা মানেই সাসপেন্স, আর প্রতিদিন নতুন নতুন সমীকরণ। ফলে বিগ বস বাংলার ঘরে নিত্যদিন বাড়ছে উত্তেজনার পারদ। সাধারণ ঝগড়াঝাটি পেরিয়ে এবার মধ্যরাতের এক গোপন চক্রান্ত ফাঁস হতেই ঘরের পরিবেশ হয়ে উঠল রণক্ষেত্র। আর সেই ঝামেলার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন গায়ক দুর্নিবার সাহা ও অভিনেতা অ্যালেক্স। রাতদুপুরে দুর্নিবারের ‘দাদাগিরি’ এবং তার পালটা অ্যালেক্সের ‘নাগিন’ কটাক্ষ ঘিরে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে গেল বিগ বসের অন্দরে।
আরও পড়ুন: আমেরিকার ভাই ও বোনেরা: শিকাগো ভাষণের ১৩৩ বছর পূর্তিতে স্বামীজিকে স্মরণ প্রধানমন্ত্রীর
ঘটনার সূত্রপাত হয় ভোট বা নমিনেশন প্রক্রিয়া নিয়ে। ঘরের বাকি প্রতিযোগীদের সামনে অ্যালেক্স আচমকাই একটি মারাত্মক বোমা ফাটান। তিনি দাবি করেন, দুর্নিবার তাঁকে মাঝরাতে গোপনে একটি স্ট্র্যাটেজির কথা বলেছিলেন। দুর্নিবারের নাকি ধারণা, ঝিলম গুপ্ত আচমকা পালটি খেয়ে নন্দিনীকে ভোট দিয়ে বসবেন! আর এই অভিযোগ তুলেই দুর্নিবারকে ‘নাগিন’ বলে কটাক্ষ করেন অ্যালেক্স।
অ্যালেক্স জানান, দুর্নিবার তাঁকে এই বিষয়ে একা সবকিছু সামলাতে বলেছিলেন, যা তাঁর পক্ষে অসম্ভব। মাঝরাতের এই গোপন আলোচনা ও দুর্নিবারের এমন রণকৌশল সবার সামনে আসতেই ঘরজুড়ে শোরগোল পড়ে যায়। দুর্নিবারের দাবি, তিনি অ্যালেক্সকে এমন কিছুই বলেননি। শুধুমাত্র বলেছিলেন, “যা পরিস্থিতি চলছে, তাতে কিন্তু দুজনের ভোট আচমকা বদলে যেতে পারে।” তখন অ্যালেক্সই নাকি নিজে থেকে প্রশ্ন করেন, “তুমি কি ঝিলমের কথা বলছ?” দুর্নিবার শুধুমাত্র বলেছিলেন, “হতে পারে, আমি জানিনা।” অন্যদিকে দুর্নিবারের স্পষ্ট অভিযোগ, সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করে বিগ বসের ঘরে ইচ্ছে করে জলঘোলা করছেন অ্যালেক্স।
আরও পড়ুন: কত বাড়ল সোনা রুপোর দর দেখে নিন এক নজরে
মাঝরাতের কথা এভাবে সবার সামনে চলে আসায় এবং ‘নাগিন’ কটাক্ষ শুনে নিজের আত্মপক্ষ সমর্থনে সঙ্গে সঙ্গে মুখ খোলেন দুর্নিবার। মেজাজ হারিয়ে অ্যালেক্সকে সবার সামনে ‘মিথ্যেবাদী’ বলে আক্রমণ করেন। তর্কাতর্কি চরমে পৌঁছলে অ্যালেক্স ক্ষোভ উগরে দিয়ে বলেন, দুর্নিবার আসলে ইচ্ছে করে তাঁর কান ভাঙানোর চেষ্টা করছেন। শেষমেশ পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছে যে, অ্যালেক্সকে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। দুর্নিবারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর কখনও তাঁর সঙ্গে কথা বলবেন না।
এই ঘটনার জেরে একদিকে অ্যালেক্স আশঙ্কা করছেন ঝিলমের সঙ্গে তাঁর সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে । সব মিলিয়ে বিগ বস বাংলার অন্দরে যে চরম নাটকীয়তা তৈরি হয়েছে তা আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
















