পর্দার কল্পকাহিনি যখন বাস্তবের মাটি ছোঁয়, তখন তার চেয়ে রোমাঞ্চকর আর কিছু হয় না। ঠিক এমনটাই ঘটতে চলেছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘মুসাফির ক্যাফে’-র দর্শকদের সঙ্গে। ওটিটির পর্দায় ‘মুসাফির ক্যাফে’ সিরিজটি দেখে যাঁরা একটু শান্তির খোঁজে পাহাড়ে হারিয়ে যেতে চেয়েছিলেন, তাঁদের জন্য আসছে দারুণ সুখবর। পর্দায় যে ক্যাফেকে ঘিরে ভালোবাসার গল্প দানা বেঁধেছিল, এবার হুবহু সেই নাম ও মেজাজ নিয়ে বাস্তবে আত্মপ্রকাশ করছে দুটি ক্যাফে। অভিনেতা বিক্রান্ত ম্যাসি নিজে এই অভিনব উদ্যোগ নিয়েছেন। একটি ক্যাফে তৈরি হচ্ছে হিমাচল প্রদেশে, অন্যটি উত্তরাখণ্ডে।
আরও পড়ুন: সপ্তাহান্তের বিনোদন: ওটিটি-তে ‘কাতুকুতু বুড়ো’-র থ্রিল আর নতুন চমকের ডালি
শুধু নামেই ‘মুসাফির ক্যাফে’ নয়, ওয়েব সিরিজে দর্শকরা যে ধরনের কাঠের কারুকার্য, শান্ত পরিবেশ আর জানলার বাইরে মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য উপভোগ করেছিলেন, সেই একই নস্টালজিয়া ফুটিয়ে তোলা হচ্ছে এই আসল ক্যাফে দুটিতে। বিক্রান্ত ম্যাসির নিজস্ব প্রযোজনা সংস্থা ‘হোমমেড স্টোরিজ’-এর হাত ধরে ইতিধ্যেই শুরু হয়ে গেছে দুই পাহাড়ের কোণে এই ক্যাফে তৈরির কাজ।
আরও পড়ুন: দাউদের সঙ্গে সময় কাটাতেই দুবাইয়ে! চার দশক পর নীরবতা ভাঙলেন মন্দাকিনী
এই প্রজেক্টের সবচেয়ে সুন্দর দিক হল, এটি কেবল কফি খাওয়া বা ছবি তোলার জায়গা হয়ে থাকবে না। সিরিজের মূল ভাবনার সাথে সামঞ্জস্য রেখে এখানে তৈরি হচ্ছে ‘আর্টিস্ট রেসিডেন্সি’। দুটি ক্যাফেই প্রায় ২০টি করে বিশেষ থাকার ঘর রাখা হচ্ছে। দেশ-বিদেশের লেখক, কবি, চিত্রশিল্পী বা চিত্রনাট্যকাররা শহরের কোলাহল থেকে দূরে, পাহাড়ের শান্ত কোলে এসে দিনের পর দিন এখানে থাকতে পারবেন এবং প্রকৃতির মাঝে বসে নিজেদের সৃষ্টিশীল কাজ চালিয়ে যেতে পারবেন।
আরও পড়ুন: টেবিলের ওপর কুকুরছানা! নাসিক পুরসভায় বেনজিরকাণ্ড
পাহাড়ের প্রতি বিক্রান্তের এই টান কিন্তু নতুন নয়। এর আগেও তিনি বহু সাক্ষাৎকারে পাহাড়ে একটা ক্যাফে খোলার সুপ্ত ইচ্ছের কথা জানিয়েছিলেন। আর এর পেছনে রয়েছে একটি মিষ্টি পারিবারিক যোগসূত্রও। বিক্রান্তের স্ত্রী শীতল ঠাকুর হিমাচল প্রদেশের মেয়ে। ২০২২ সালে পাহাড়ের কোলেই তাঁদের চার হাত এক হয়েছিল। ফলে হিমাচলের সংস্কৃতির প্রতি অভিনেতার ভালোবাসা একটু বেশিই গভীর।
সিরিজটি মুক্তির পর থেকেই শুটিংয়ের জায়গাগুলি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছিল। এবার বিক্রান্তের এই ক্যাফে দুটি চালু হলে সাধারণ পর্যটক থেকে শুরু করে সিরিজটির ভক্তরা সরাসরি মুসাফির ক্যাফের কফিতে চুমুক দেওয়ার এবং সেখানে রাত কাটানোর সুযোগ পাবেন। এখনো উদ্বোধনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না হলেও, খুব তাড়াতাড়ি যে পাহাড়ের বুকে নতুন এই আড্ডার ঠিকানা তৈরি হতে চলেছে, তা নিশ্চিত।
















