নেপালের ভয়াবহ হড়পা বানের মধ্যে পড়ে পোখরায় আটকে গিয়েছিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়। সব প্রতিকূলতা ও বিপদ কাটিয়ে শুক্রবার অবশেষে সস্ত্রীক কলকাতায় ফিরেছেন অভিনেতা। অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের বার্তা দিয়ে খরাজ জানান, “চিন্তা নেই, আমরা ভাল আছি।”
গত ২০ অগাস্ট একটি ছবির শ্যুটিংয়ের জন্য নেপালে গিয়েছিলেন খরাজ মুখোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, ‘শিকার’ ছবির শ্যুটিং শেষ হওয়ার ঠিক পরেই নেপালে হড়পা বান আছে। প্রওবল বিপর্যয়ের জেরে দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। আগেই অভিনেতার ছেলে তমঘ্ন মুখোপাধ্যায় বাবা-মায়ের নিরাপদে থাকার ও বিপদমুক্ত হওয়ার খবর জানিয়েছিলেন। কলকাতায় ফিরে সমস্ত শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানান খরাজ মুখোপাধ্যায়।
আরও পড়ুন: TMCP-এর প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বিজেপিকে নিশানা ২ ছাত্রনেতার
ঘটনার পরেই নেপালের দুর্যোগপূর্ণ এলাকা থেকে বিকল্প পথে গোরক্ষপুর পৌঁছায় উদ্ধারকারী দল। সেখান থেকেই বিমানে সোজা কলকাতায় অবতরণ করেন খরাজ ও তাঁর স্ত্রী। বিমানবন্দরে নেমেই অনুরাগী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে খরাজ মুখোপাধ্যায় বলেন, “নমস্কার। আমি খরাজ মুখার্জি। আপনারা সবাই বড় চিন্তায় ছিলেন যে আমি পোখরাতে শুটিং করতে গিয়ে আটকে গিয়েছিলাম। এটা ঠিক কথাই, সেখানে অনেক রকম সমস্যা হয়েছে। সে সমস্ত সমস্যা পার করে অবশেষে গোরখপুরে যাই এবং সেখান থেকে আমি আর প্রতিভা ফ্লাইট ধরে জাস্ট নাও ফিরলাম। আপনাদের ভালোবাসাই আমাকে আবার ফিরিয়ে এনেছে। অসংখ্য ধন্যবাদ। সামনে আরও সুন্দর সুন্দর কাজ আপনাদের উপহার দেব এই আশা রাখি। আপনারা যে আমাকে এত উইশ করেছেন, আমি সত্যিই ধন্য।”
















