কলকাতার যুবভারতীতে এল ক্লাসিকো। সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ নভেম্বর কলকাতায় হতে চলেছে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ কিংবদন্তিদের ম্যাচ। কয়েকদিন আগে জোড়া ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে যুবভারতীতে। এবার রিয়াল বার্সার ‘ক্লাব লেজেন্ডসরা কলকাতায় ম্যাচ খেলতে আসতে চলেছেন।
‘ক্লাব লেজেন্ডস’ অর্থাৎ ২ ক্লাবের কিংবদন্তিরাই আসবেন বলে জানা গিয়েছে। লুইস ফিগো, রিভাল্দো, রোনাল্দিনহো, রবার্তো কার্লোস, কার্লেস পুয়োল, কাসিয়াস, গুতিদের আসার সম্ভাবনা রয়েছে। ব্রাজিল ম্যাচে টিকিটের দাম চড়া ছিল ফলে মাঠ ভরেনি। জানা গিয়েছে, টিকিটের দাম সর্বসাধারণের আয়ত্ত্বের মধ্যে থাকবে।টিকিটের দাম এবং দুই দলের তারকা ফুটবলারদের উপস্থিতি সম্পর্কে এখনও ঘোষণা হয়নি। যদিও প্রশাসন সূত্রের খবর, আগামী ২৫ নভেম্বর কলকাতায় এই ম্যাচ হতে পারে।
কলকাতায় আগে খেলে গিয়েছে বার্সেলোনার লেজেন্ডস টিম। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর মোহনবাগানের প্রাক্তনীদের বিরুদ্ধে এক প্রদর্শনী ম্যাচে খেলেছিলেন তাঁরা। এবার দুই দলের কিংবদন্তিদের মধ্যে কারা কারা আসবেন তা এখনও নিশ্চিত নয়।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সংখ্যা বাড়িয়ে পর্যটন, বিনিয়োগ এবং অর্থনীতিকে আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য। তাঁর দাবি, সম্প্রতি ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ সফলভাবে আয়োজনের পর এবার আরও বড় আন্তর্জাতিক ফুটবল ইভেন্ট আয়োজনের পথে এগোচ্ছে রাজ্য।
রাজ্য সরকারের আশা, এই ধারাবাহিক আন্তর্জাতিক ও বৃহৎ আয়োজন পশ্চিমবঙ্গকে দেশ-বিদেশের পর্যটক ও বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করবে।দুর্গাপুজোর পর পশ্চিমবঙ্গে একের পর এক আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।















