ধর্মতলায় ছাত্র যুবদের আন্দোলনে অশান্তির ঘটনায় গ্রেফতার আরও ২, মোট গ্রেফতারের সংখ্যা ১৬। রবিবার রাতভোর তল্লাশি চালিয়ে সন্দেহভাজন আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন নাদিয়ালের বাসিন্দা মহম্মদ জাভেদ আখতার, কড়েয়ার বাসিন্দা ওয়াকার আজম।

পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, শুক্রবার ডোরিনা ক্রসিংয়ের কাছে তাণ্ডবে অভিযুক্তরা কেউই ছাত্র নন। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

ধৃত ১৬ জনের মধ্যে পাঁচজনকে সোমবার বেলায় ধর্মতলায় নিয়ে আসে পুলিশ ঘটনার পুনর্নির্মাণের জন্য। কীভাবে চালানো হল তান্ডব,  ধর্মতলার রাস্তায় ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।  অন্যতম অভিযুক্ত খালেদ রেজা,  মহম্মদ আফরোজকে ধর্মতলায় আনা হয়, তাদের খালি পায়ে হাটিয়ে ধর্মতলার বিভিন্ন স্থানে নিয়ে যায় পুলিশ। 


এই আফরোজের বিরুদ্ধেই উঠেছে তৃণমূল-যোগের অভিযোগ। গ্রেফতারির পর সামনে আসছে তাঁর একের পর এক ছবি আর রিলস্ ভিডিও। সূত্রের খবর, তার সঙ্গে তৃণমূলের যোগসূত্র পেয়েছে পুলিশ। এমনকী, বিধানসভা ভোটের প্রচারে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক খালেক মোল্লার সঙ্গে দেখা গিয়েছে আফরোজকে, এমনটাই সূত্রের খবর। যদিও বিধায়ক খালেক মোল্লার দাবি, তিনি আফরোজকে চেনেন না।

 
ঘটনার সময় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে অভিযুক্তদের। শনিবার পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ছিল ১১ রবিবার রাতভোর তল্লাসি চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

ধৃতদের মধ্যে রয়েছে ইরফান খুরশিদ, আরশাদ আলি ওরফে সাজিদ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মহম্মদ মইনুদ্দিন( ২৬ )তিলজলার বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে কেউ কেউ ভিন রাজ্যে পালানো ছক করছিল।