দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur, South 24 Parganas) সূর্যপুর হাট এলাকায় নাবালিকা ধর্ষণ খুনের ঘটনার পর পুলিশের উপর হামলা ও গণপিটুনির ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করা হল। এই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো ৩৫। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে (Baruipur Court) পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
নাবালিকার গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সন্দেহে একজনকে উত্তেজনার বশে পিটিয়ে মেরে ফেলা হয়। দেহ আটকে রেখে রাস্তায় বিক্ষোভ দেখানো হয়। পুলিশ পরিস্থিতির সামাল দিতে গেলে হামলা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়ে জানিয়েছিলেন, গণপিটুনিতে যাঁর মৃত্যু হয়েছে, তিনি নির্দোষ ছিলেন। দোষীদের কঠোর শাস্তির আশ্বাসও দিয়েছিলেন। সেইমতো গণপিটুনি এবং পুলিশকে মারধরের ঘটনায় দু’টি পৃথক মামলা রুজু করা হয়েছিল।প্রথমেই গ্রেফতার করা হয়েছিল ১৮ জনকে। পরে আরও ১২ জন ধরা পড়েন। এরপর বৃহস্পতিবার রাতে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ধৃতদের জেরা করা শুরু হয়েছে।
















