পানিহাটির দণ্ডমহোৎসবতলা ঘাট। যেখানে দিন কয়েক আগেই উৎসব শেষ হয়েছে। এবার সামনে এসেছে সেখানকারই এক মন্দিরের পুরোহিতের চাঞ্চল্যকর অভিযোগ। এলাকার বিজেপি (BJP) বিধায়ক রত্না দেবনাথের (Ranta Debnath) স্বামী শেখর দেবনাথের (Shekhar Debnath) বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছে মন্দিরের প্রণামী বাক্স চাওয়ার। দিন দুই ধরে সামাজিক মাধ্যমে চর্চা হওয়ার পরে একটি ভিডিও বার্তা (Video Message) পোস্ট করেন অভিযুক্তের বিধায়িকা স্ত্রী। আর সেই ভিডিওতেই লিখিত অভিযোগ পড়তে পড়তে একাধিকবার হোঁচট খেলেন রত্না। প্রশ্ন উঠছে, তাহলে কি তাঁর হয়ে অন্য কেউ সাফাই লিখে দিয়েছিলেন!  

ঘটনাটা ঠিক কী ঘটেছিল?
সূত্রের খবর, দণ্ডমহোৎসব শেষ হওয়ার পরেই মন্দিরের পুরোহিতের কাছে যান অভয়ার (Abhay) বাবা। প্রণামীবাক্সগুলি নিয়ে যেতে চান। এই ঘটনায় উপস্থিত পুরোহিত ‘বঙ্কুবাবু’ হতচকিত হন। ঘটনাটি প্রকাশ্যে আসে এলাকারই এক বিজেপি নেতার সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে। পরে বেশ কয়েকটি স্যোশাল মিডিয়া পেজে (Social Media Page) এই বিষয়ে একটি ফোনের কথোপকথনও ভাইরাল হয়। যদিও সেই ভাইরাল (Viral) কথোপকথনের সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’।

বুধবার, এই ঘটনার সাফাই দিতে একটি ভিডিও বার্তা দেন অভিযুক্তর স্ত্রী রত্না দেবনাথ। ফেসবুক ভিডিওতে দেখা গিয়েছে রত্না নিজের স্বামীকে নির্দোষ প্রমাণে বেশ কয়েক পাতা লিখিত বিবৃতি নিয়ে বসেন। মন্দিরের পুরোহিতকেই চুরির দায়ে দুষেছেন তিনি। পুরোহিতের দাবি করা ব্যক্তিগত মন্দিরের ট্রাস্ট গঠন করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন রত্না। 

রত্নার এই বার্তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ যে দৃপ্তভঙ্গিতে তিনি মেয়ের বিচার চেয়েছিলেন তা কোনদিনও কয়েকটি পাতার লেখায় সীমাবদ্ধ ছিল না। সেই সময় কোনদিন তাঁকে থেকে থেকে হোঁচট খেতেও দেখেননি কেউ। এখন কেন এত আটকাচ্ছেন! প্রশ্ন উঠছে, তাহলে কি তাঁর হয়ে অন্য কেউ সাফাই লিখে দিয়েছিলেন? এখন এই অভিযোগ রত্নার দল কীভাবে দেখে সেটাই দেখার।