ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ জানিয়ে মামলা। বুধবার শুনানির সম্ভবনা।গত সোমবার অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এরইমধ্যে তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।
সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতে জানান, চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ সফর রয়েছে। তার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তা ব্যাঙ্কের তরফে জানানো হয়নি।
তৃণমূল সাংসদের আইনজীবীর তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ ছাড়াই কী ভাবে ব্যাঙ্ক ফ্রিজ করা হতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
অভিষেকের আইনজীবী উল্লেখ করেছেন, ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হয়। এই নিয়ম মানাই হয়নি।
বিচারপতি জানতে চান, অভিষেকের বিরুদ্ধে কোনও তদন্ত চলছে কি না। জবাবে অভিষেকের আইনজীবী জানান, তাঁর মক্কেল (অভিষেক) আদালতের নির্দেশ মতো তদন্তে সহযোগিতা করছেন। তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার কোনও সম্পর্ক নেই।
অভিষেকের আইনজীবীর আর্জির প্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি রাও।বিচারপতি মামলার সঙ্গে যুক্ত অন্য পক্ষকে নোটিস দিতে বলেন। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি।
















