বিজেপি এবং সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে একাধিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এফআইআর দায়ের এবং কিছু সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। তাঁর অভিযোগ, সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতা বিসর্জন দিয়ে ক্ষমতার ‘পুতুল’ হিসেবে কাজ করছে সংবাদমাধ্যমের একটি অংশ।

নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে অভিষেক লেখেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার যাদের সত্যিই প্রয়োজন, সেই মানুষদের কাছে আয়ুষ্মান ভারত ও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পৌঁছে দেওয়ার চেয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বেশি সময় ব্যয় করেছে। সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও জানান, এই রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টিকে যেভাবে বাড়িয়ে-চড়িয়ে দেখানো হচ্ছে, তা অত্যন্ত কৌতূহলজনক। ক্ষমতার অলিন্দে থাকা মানুষদের হাতের পুতুল হতে গিয়ে তারা আনন্দের সঙ্গেই সাংবাদিকতার মৌলিক নীতিগুলোকে জলাঞ্জলি দিচ্ছে।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নিজের কাজের কথা উল্লেখ করে অভিষেক দাবি করেন, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও কোভিড টেস্ট করানো, রাস্তা নির্মাণ এবং পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজ করার মতো জনসেবামূলক উদ্যোগগুলোকে নিশানা করা হচ্ছে। একই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তিবর্গ এই সমস্ত এফআইআর দায়ের করছে বলে তাঁর অভিযোগ। তথাকথিত ‘ডাবল-ইঞ্জিন’ সরকারের সমালোচনা করে অভিষেক লেখেন, তিনি কখনও ভাবেননি যে একটি সরকার উন্নয়ন ও ভালো কাজের প্রতি এতটা বিমুখ হতে পারে। পরিশেষে বিজেপি ও সংবাদমাধ্যমের একাংশকে স্পষ্ট বার্তা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, এই সমস্ত কৌশল তাঁকে ভয় দেখাতে বা তাঁর গতি থামাতে পারবে না। জনগণ তাঁকে যে কাজ করার জন্য নির্বাচিত করেছেন, তিনি সেই কাজই করে যাবেন।