তৃণমূল ভবনে লাগানো সাইনবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে পুরসভা ও পুলিশের যৌথ অভিযানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন তিনি। এই ঘটনার বিরুদ্ধে স্পিকারকে চিঠি দেওয়া এবং উচ্চ আদালত পর্যন্ত আইনি লড়াই চালানোর স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। দলীয় কার্যালয়ে লাগানো সাইনবোর্ড পুলিশ ও পুরসভা খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে ফের নতুন ফ্লেক্স টাঙিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, যারা কর্মীদের ধাক্কাধাক্কি করেছে তাদের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ জানানো হবে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং শুক্রবারই মামলার শুনানি রয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যে সমস্ত পুলিশ আধিকারিক সংবিধানের নিয়ম লঙ্ঘন করে কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। 

কার্যালয়ের বৈধতা প্রসঙ্গে অভিষেক বলেন, "এই অফিসটি ভাড়া নেওয়া অফিস এবং ভাড়াটের নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। বিগত সাড়ে ৬-৭ বছর ধরে প্রতি মাসে নিয়ম মেনে ভাড়া দেওয়া হচ্ছে। ছাদের উপরে লাগানো বোর্ডটিতে কেবল দলের নাম ও প্রতীক ছিল, এটি কোনও বাণিজ্যিক হোর্ডিং নয়।" 

বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, যদি আপনারা মেজরিটির ভোটে জিতে আসেন, আর ২০৯-২১৬টা সিট পান—তাহলে এত ভয় কিসের? গোটা ক্যামাক স্ট্রিটে থাকা শত শত হোর্ডিংয়ের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, সেই সমস্ত হোর্ডিং না খুলে কেবল তৃণমূলের সাধারণ একটি সাইনবোর্ড ভাঙতে কলকাতা পুলিশের বিশাল বাহিনীকে কেন নামাতে হল। 

পুলিশি তাণ্ডবের বিবরণ দিতে গিয়ে তিনি গুরুতর অভিযোগ করেন যে, দলীয় কর্মীদের মারধর করা হয়েছে এবং মহিলা কর্মীদের শ্লীলতাহানি করা হয়েছে। দলীয় ১৩ জন কর্মীকে বেআইনি ভাবে আটক করেছে পুলিশ। পাশাপাশি, ছাদের রেলিং থেকে এক তৃণমূল কর্মীকে ফেলে দেওয়ার চেষ্টা পর্যন্ত হয়েছিল বলেও তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, কোনও মেমো নম্বর বা সিলমোহর ছাড়াই সূর্যাস্তের পর বেআইনিভাবে ছাদের তালা ভেঙে এই অভিযান চালানো হয়েছে। প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, যতবারই জোর করে এই সাইনবোর্ড খুলে নেওয়া হবে, ততবারই দলের তরফে আবার তা স্থাপন করা হবে।