নারী সুরক্ষার বুলি আওড়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। ক্ষমতায় আসার ৫৫ দিনেই সুরক্ষা আউট! উধাও নারী সুরক্ষা! বিজেপি কেবল নারীদের সুরক্ষা দিতেই ব্যর্থই হয়নি, বরং এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে জঘন্য অপরাধে অভিযুক্তরা রাজনৈতিক সুরক্ষা ভোগ করছে। সেই ছবিই দেখা গেল বারুইপুরে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির অপদার্থতা নিয়ে গর্জে উছেলন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, রাজ্যে এমন এক পরিস্থিতি, যেখানে রাজনৈতিক যোগাযোগ বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করছে প্রতিনিয়ত। যেখানে আইনের শাসনের থেকে প্রভাব-প্রতিপত্তিই বড় হয়ে দাঁড়াচ্ছে বারবার। যেখানে ন্যায়বিচারকে রাজনৈতিক চাপে দমিয়ে রাখা হচ্ছে। তা নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগজনক পরিস্থিতি। বারুইপুরের এই ভয়াবহ ঘটনার নেপথ্যে আসল ট্র্যাজেডি হল এটাই! অভিষেক আরও লেখেন, নারীদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি বাংলায় এসেছিল। অথচ, এ ধরনের প্রতিটি ঘটনা তাদের 'ফাঁপা প্রতিশ্রুতি' নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে। তাদের এই নীরবতা অনেক কিছু বলে দিচ্ছে।
অভিষেকের কথায়, কোনও প্রতিবাদ নেই। কোনও ক্ষোভ নেই। জবাবদিহিতার দাবি নেই। পদত্যাগের দাবি নেই। বিবেকের কোনও আকস্মিক জাগরণও নেই। যখন বিচার প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট হয়ে পড়ে এবং ক্ষোভ কেবল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়, তখন কেবল ভুক্তভোগীই নয়, পুরো সমাজকেই তার মাশুল গুনতে হয়। আজকে বাংলার পরিস্থিতিটি অত্যন্ত লজ্জাজনক।
















