সোমবার ভোররাতে তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত পাঁচের বেশি। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তারাপীঠের অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য দ্রুত প্রশাসনিক সাহায্য ও চিকিৎসার দাবি জানিয়েছেন। মা তারা যেন অপূরণীয় ক্ষতি সহ্যের শক্তি দেন- নিজের সোশ্যাল হ্যান্ডেলে (X-Handle) লেখেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

চলতি বছরের জানুয়ারি মাসে তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) গিয়ে মা তারার পুজো দিয়েছিলেন। এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, “তারাপীঠে অগ্নিকাণ্ডের মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত; এই ঘটনায় বেশ কয়েকটি মূল্যবান প্রাণ ঝরে গিয়েছে। শোকার্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মা তারা যেন এই বিশাল ক্ষতি সহ্য করার মতো শক্তি ও সাহস তাঁদের সকলকে প্রদান করেন।“ 

এরপরেই অভিষেকের আর্জি, “আমি রাজ্য প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানাচ্ছি। এই মর্মান্তিক ঘটনায় সরকার যেন ক্ষতিগ্রস্ত পরিবার ও আহত ব্যক্তিদের জন্য অবিলম্বে ত্রাণ, সময়মতো চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় সব ধরনের সাহায্যের ব্যবস্থা নিশ্চিত করে।“ 

এদিন তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলের রিসেপশনে প্রথমে আগুন লাগে এবং সেই থেকেই চারতলা হোটেলে ছড়িয়ে পড়ে আগুন। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষ্যে বিপুল সংখ্যক পুণ্যার্থী রয়েছেন তারাপীঠে। আগুন লাগতেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বহু পুণ্যার্থী। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।