অভিষেককে সামনে রেখে দল ভাঙার যে নোংরা ষড়যন্ত্র বিজেপি করছে, তা আসলে তাদের সস্তা বাহানা। অভিষেক কোনও বাহানা নয়, তিনি বাঘের মতো লড়ছেন। বুধবার ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলের অন্দরে ভাঙন বা দ্বন্দ্বের তত্ত্বকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে নেত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই কেন্দ্রীয় এজেন্সির জুলুম এবং বিজেপির সব চক্রান্তের বিরুদ্ধে ‘বাঘের মতো’ লড়াই করছেন। 

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের মধ্যে ও বাইরে চলতে থাকা সমালোচনার জবাব দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, অভিষেক আপনাদের কাছে খুব খারাপ হয়ে গিয়েছে, ওটা আসলে আপনাদের দল ছাড়ার একটা সস্তা বাহানা। মনে রাখবেন, ওঁর স্ত্রী যখন দেড় বছরের সন্তানকে কোলে নিয়ে সিবিআই দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন, তখন কোথায় ছিল আপনাদের নীতি? আজ ওঁর বিরুদ্ধে ২৫-৩০টি মামলা দেওয়া হয়েছে, তবুও সে মাঠ ছাড়েনি। সেটিং করে নিলে অভিষেক সবচেয়ে বেশি রেহাই পেত। কিন্তু সে মাথা নত না করে বাঘের মতো লড়ে যাচ্ছে। আগামী ৫০ বছর ওরাই এ দেশের রাজনীতি করবে।

ডিজে প্রসঙ্গ নিয়েও স্পষ্ট জবাব দেন নেত্রী। বলেন, অভিষেক বলেছিল ডিজে বাজানোর কথা। ডিজে তো সবাই বাজায়। অমিত শাহ অনেক কথা বলেছিলেন। রাজনৈতিক দল রাজনৈতিক দলের বিরুদ্ধে ইলেকশনের মিটিংয়ে অনেক কথা বলে। এটা ইলেকশনের সময়ের ব্যাপার। আপনারা একতরফা ভাবে গালাগালি দেবেন, আমরা সেটা কাউন্টার করব না, গণতন্ত্রে সেটা হতে পারে না। বিজেপির স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে নেত্রী বলেন, এ তো হিটলারকেও ছাড়িয়ে যাচ্ছে। মুসোলিনিকে ছাড়িয়ে যাচ্ছে, অত্যাচারে সবাইকেই ছাড়িয়ে যাচ্ছে। ধমকে-চমকে সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। একটাও ভালো কথা শুনি না, খালি ধমকানি-চমকানি। মেঘের গর্জনের থেকেও ভয়ঙ্কর। আপনারা খালি ভয় দেখাবেন। আপনাদের নিজেদের কীর্তিও একদিন বেরোবে।