যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো পরিস্থিতি উত্তপ্ত হল মেদিনীপুর কলেজেও। এসএফআই এবং এবিভিপি-র সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে শুরু হওয়া উত্তেজনা দ্রুত গড়ায় হাতাহাতিতে। কয়েক জন জখম হয়েছেন। সংঘর্ষকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নেয় মেদিনীপুর কলেজ চত্বর। 

বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে এদিন দুপুর মেদিনীপুর কলেজে মিছিলের ডাক দিয়েছিল এসএফআই। অভিযোগ, সেই সময়েই কিছু লোক এবিভিপি-র ঝান্ডা হাতে কলেজে ঢুকে এসএফআই-এর সদস্যদের উপরে হামলা চালান। তাঁদের বেধড়ক মারধর করা হয়।

বামসংগঠনের অভিযোগ, কলেজের ভিতরে শান্তিপূর্ণ মিছিলের বহিরাগত কিছু দুষ্কৃতী এসে তাদের উপরে হামলা চালায়। এবিভিপি-র পাল্টা অভিযোগ, মিছিল থেকে দেশবিরোধী স্লোগান উঠছিল। তাতে কলেজের পঠনপাঠন বিঘ্নিত হচ্ছিল। তারই প্রতিবাদ করতে যাওয়ায় এসএফআই আক্রমণ করে। যদিও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কিছু বলতে চাননি কিছু। ঘটনার খবর পেয়ে কলেজ গেটে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। .

এসএফআই-এর মেদিনীপুর জেলা সম্পাদক রণিত বেরা বলেন, "যাদবপুরের ঘটনার প্রতিবাদে পড়ুয়ারা মেদিনীপুর কলেজ চত্বরে সভার আয়োজন করেছিল। তাদের উপর হামলা চালায় এবিভিপি। ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজের অধ্যাপক ও অন্য কর্মীদের মারধর করা হয়। আহতদের এখনও হাসপাতালে নিয়ে যেতে পারছি না। প্রশাসনের কাছে দাবি, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন।"