উৎসবের মরসুম শুরুর আগেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য রাজ্য সরকারি কর্মচারী এবং সমগোত্রীয় বিভিন্ন বিভাগের কর্মীদের অ্যাড-হক বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে অর্থ দফতর। নবান্নের প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট মাপকাঠিতে যোগ্য কর্মীরা মাথাপিছু সর্বোচ্চ ৭ হাজার ৪০০ টাকা পর্যন্ত বোনাস পাবেন।

বুধবার অর্থ (অডিট) দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্রের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত যাঁদের সংশোধিত মাসিক বেতন প্রতি মাসে ৪৬ হাজার টাকার বেশি নয়, মূলত তাঁরাই এই সুবিধার আওতায় আসবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত কর্মীর সংশোধিত পে স্ট্রাকচার (রোপা ২০১৯), প্রাক-সংশোধিত পে স্ট্রাকচার (রোপা ২০০৯) অথবা নির্দিষ্ট চুক্তির মেয়াদের ভিত্তিতে মাসের মোট পারিশ্রমিক (মূল বেতন, ডিএ, এনপিএ ইত্যাদি মিলিয়ে) ৩১ মার্চ ২০২৬ তারিখে ৪৬ হাজার টাকার মধ্যে থাকবে, তাঁরা এই বোনাস পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। তবে বাড়ি ভাড়া ভাতা (এইচআরএ), মেডিক্যাল বা অন্য কোনও বিশেষ ভাতা এই হিসাবের মধ্যে ধরা হবে না।

পাশাপাশি জানানো হয়েছে, যাঁদের বেতন বছরের মাঝামাঝি সময়ে পদোন্নতি, ইনক্রিমেন্ট কিংবা ডিএ বৃদ্ধির কারণে ৪৬ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে, কিন্তু ২০২৫-২৬ অর্থবর্ষে অন্তত ছ’মাস বেতন ওই নির্দিষ্ট আর্থিক সীমার নিচে ছিল, তাঁরাও এই সুবিধা পাবেন।

বোনাস পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মচারীকে সংশ্লিষ্ট অর্থবর্ষে অন্তত ছ’মাস একটানা পরিষেবা দিতে হবে। ছ’মাস থেকে এক বছরের মধ্যে কর্মরতদের আনুপাতিক হারে এই অর্থ দেওয়া হবে। এছাড়া বছরে অন্তত ১২০ দিন কাজ করা ক্যাজুয়াল কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীরাও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সর্বোচ্চ ৭ হাজার ৪০০ টাকা পর্যন্ত বোনাস পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মুসলিম ধর্মাবলম্বী কর্মীদের ক্ষেত্রে ইদ-উল-ফিতরের আগেই এই বোনাসের অর্থ মিটিয়ে দেওয়া হবে। অন্যান্য কর্মীদের ক্ষেত্রে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বশাসিত সংস্থা, পুরসভা, পঞ্চায়েত এবং সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীরাও বিগত বছরের নিয়ম মেনে এই হারে বোনাস বা এক্স-গ্রাশিয়া পাবেন। এর জন্য নতুন করে অর্থ দফতরে ফাইল না পাঠিয়ে সংশ্লিষ্ট দফতরগুলিকেই সরাসরি নির্দেশিকা জারির ছাড়পত্র দেওয়া হয়েছে। সরকারের এই ঘোষণায় কর্মী মহলে স্বস্তি দেখা গিয়েছে।