তৃণমূল জমানায় নতুন নিয়মে ইস্যু হওয়া সব OBC শংসাপত্রই বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট। ওবিসি-এ (OBC-A) এবং ওবিসি-বি (OBC-B) বিভাজন আর নেই- বুধবার, জানিয়ে দিল বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিংয়ের ডিভিশন বেঞ্চ। ফলে এই ধরনের শংসাপত্রগুলির কোনও বৈধতা নেই। যাঁদের এই শংসাপত্র রয়েছে, তাঁরা এখন থেকে ‘সাধারণ শ্রেণি’ (General Category) হিসেবেই বিবেচিত হবেন। 

২০১১ সালে তৃণমূল (TMC) ক্ষমতায় আসার পরে রাজ্যের অনগ্রসর শ্রেণিকে ওবিসি-এ এবং ওবিসি-বি -এই দু’ভাগে ভাগ করা হয়েছিল। কিন্তু শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে ২০২৪ সালে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়। ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দিয়ে আদালত। তাদের ওবিসি শংসাপত্রও বাতিল করা হয়। নতুন করে সমীক্ষার মাধ্যমে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। তার বিরুদ্ধে শীর্ষ আদালতে (Supreme Court) যায় তৎকালীন রাজ্য সরকার। কিন্তু হাই কোর্টের রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট। 

সেই নির্দেশের পরে ওবিসি ‘এ’ এবং ‘বি’ তালিকায় কিছু বদল করে তৃণমূল সরকার। কিন্তু তা নিয়েও আপত্তি তোলে হাই কোর্ট। অভিযোগ, মাত্র আড়াই হাজার নমুনা সংগ্রহ করে সমীক্ষা হয়েছে এবং তার ভিত্তিতেই নতুন তালিকা তৈরি করা হয়েছে। হাই কোর্ট আপত্তি করায় ফের সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু সেই মামলায় কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। ফলে নতুন নিয়মেই ওবিসি শংসাপত্র দেওয়ার কাজ চলছিল। এবার সেই ওবিসি শংসাপত্র বাতিল করে দিল হাই কোর্ট। 

রাজ্যে পালাবদলের পরে বিজেপি সরকার ওবিসি-এ এবং ওবিসি-বি তুলে দেয়। ওবিসি-র জন্য একটিই সংরক্ষণ রাখা হবে বলে জানানো হয়। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে তৎকালীন রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল, তা-ও তুলে নেয় বর্তমান বিজেপি সরকার। ফলে নতুন নিয়মে জারি করা ওবিসি শংসাপত্রগুলি বাতিল করে দিল বিচারপতি মান্থা। ফলে এই শংসাপত্র সংরক্ষণের জন্য আর বিবেচিত হবে না। এঁরা ‘সাধারণ শ্রেণি’ হিসেবেই বিবেচিত হবেন।