ভগৎ সিংয়ের জন্মদিন ঘিরে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কে তৈরি হল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। ২৮ সেপ্টেম্বর ভগৎ সিংয়ের জন্মদিন উপলক্ষে তাঁর মূর্তি ঘিরে বামেদের (Left) পতাকা (Flag) লাগানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন DYFI কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, কার্যত ধস্তাধস্তির পরিস্থিতিও তৈরি হয়। পুলিশের দাবি, মিন্টো পার্কে ভগৎ সিংয়ের মূর্তিতে সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই কারণেই মূর্তির চারপাশ এবং রেলিং থেকে রাজনৈতিক দলের পতাকা সরাতে যায় পুলিশ (Police)। আর পতাকা সরানোকে কেন্দ্র করেই শুরু হয় বাম যুবকর্মীদের সঙ্গে পুলিশের তীব্র বাদানুবাদ। 

আরও পড়ুন: কামারডাঙার পুজোয় ‘বামবধের’ ফতোয়া! তীব্র নিন্দা সবমহলে

“পতাকা সরানো যাবে না”—পুলিশকে এমনই হুঁশিয়ারি দেন বাম যুবকর্মীরা। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও কর্মী সেখানে জমায়েত হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভগৎ সিং উদ্যানের ভিতর থেকে জমায়েত সরিয়ে দেয় পুলিশ। এর মধ্যেই সামনে আসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কলকাতা পুরসভার (KMC) কমিশনার স্মিতা পাণ্ডের ভগৎ সিংয়ের মূর্তিতে মাল্যদান করার কথা ছিল। কিন্তু মূর্তির চারপাশে রাজনৈতিক দলের পতাকা থাকায় শেষ পর্যন্ত সেই সরকারি কর্মসূচি বাতিল করে পুরসভা। পুরসভার পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দলের পতাকা লাগানো অবস্থায় কোনও সরকারি আধিকারিক বা আমলার পক্ষে মূর্তিতে মাল্যদান করা সম্ভব নয়।

সরকারি কর্মসূচি বাতিল হওয়ার কিছুক্ষণ আগেই ভগৎ সিংয়ের মূর্তিতে মাল্যদান করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) এবং সিপিআইএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)। ফলে ভগৎ সিংয়ের জন্মদিনে মিন্টো পার্কে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি।