পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানে কেন্দ্রীয় সরকার বিশেষ কমিটি গঠন করল। এই কমিটির নেতৃত্বে বিএসএফের প্রাক্তন ডিজি এবং প্রাক্তন আইপিএস পঙ্কজ কুমার সিং। শনিবার দার্জিলিংয়ের সুকনার এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং ও রোশন গিরি এবং দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা উপস্থিত ছিলেন। 

বৈঠকের পর বিশেষ কমিটি গঠনের বিষয়টি সাংবাদিকদের জানান গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি। বিগত বছরগুলিতে বিভিন্ন সময়ে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পাহাড়। বিজেপির এবারের ভোট প্রচারেও বিশেষ গুরুত্ব পেয়েছিল গোর্খাল্যান্ড সমস্যার স্থায়ী সমাধান। ফলে শাহের সঙ্গে গোর্খা নেতাদের এদিনের বৈঠকের দিকে তাকিয়ে ছিল সব পক্ষই।

বিএসএফের প্রাক্তন ডিজি পঙ্কজ সিংয়ের নেতৃত্বে গঠিত কমিটিতে রাজ্য ও গোর্খাদের একজন করে প্রতিনিধি থাকবেন। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দেবেন তাঁরা। এর ভিত্তিতে আগামীদিনে পরবর্তী পদক্ষেপ নেবে স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও কতদিনে এই রিপোর্ট জমা পড়বে, তা জানা যায়নি।

পাহাড়ের উন্নয়নে তৃণমূল আমলে গোর্খা টেরিটোরিয়াল অ্যাকট (জিটিএ) তৈরি হয়েছিল। বিগত সরকারের আমলে জিটিএতে আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এছাড়া শিক্ষক দুর্নীতি-সহ পর্যটন ক্ষেত্রেও একাধিক দুর্নীতির অভিযোগও উঠেছে। ডবল ইঞ্জিন সরকারে পাহাড়ে উন্নয়নই একমাত্র লক্ষ্য বলে প্রশাসনের তরফে জানানো হয়েছিল। এদিনের বৈঠকেও একইভাবে দার্জিলিংয়ের উন্নয়নের কথা বলা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সাংবিধানিকভাবেই পাহাড়ের সমস্যার সমাধান হবে। পাহাড়ের উন্নয়ন নিয়ে নিয়মিত পর্যালোচনা বৈঠক করবেন শাহ। পাহাড়ের উন্নয়ন, সমস্যার সমাধান সাংবিধানিক পথেই হোক। সেই কথাই সম্মতি প্রকাশ করেছেন বিমল গুরুং, রোশন গিরিরা। জিটিএ উন্নয়নে আরও পদক্ষেপ হবে বলেও বৈঠকে স্থির হয়েছে।