বেআইনি নির্মাণের অভিযোগে ডায়মন্ড হারবারের তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)  আমতলার অফিসে বুলডোজার (Bulldozer) চালানো হয়। আগেই সেই ভাঙার কাজে স্থিতাবস্থা বহাল রাখার নির্দেশ দেওয়া হয়ছিল। সেই নির্দেশের সময়সীমা ৬ অগাস্ট পর্যন্ত করা নির্দেশ দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ওই দিনই দুপুর ২টোয় ফের এই মামলাটি শুনবে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এই সময়সীমার মধ্যে আমতলার ওই দফতর ভাঙা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

বেআইনি নির্মাণের অভিযোগে ১৮ জুলাই অভিষেকের ৫তলা কার্যালয়ে চলে বুলডোজার। তার বিরুদ্ধে আদালতে অভিযোগে দায়ের করা হয়। যে জমিতে কার্যালয়টি রয়েছে, তা লিপস এন্ড বাউন্ডসের নামে কেনা হয়েছিল। পরপর দু’বার নোটিশে সাড়া না দেওয়ায় আমতলার কার্যালয় ভাঙার কাজ শুরু হয়। প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই ‘লিপস্ অ্যান্ড বাউন্ডস’-এর তরফে হাই কোর্টে মামলা হয়। সেই মামলায় ভাঙা বন্ধ রেখে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে রাজ্যের থেকে বিস্তারিত তথা চাওয়া হয়। 

মঙ্গলবার শুনানিতে রাজ্য জানায়, কার্যালয়ে যে অংশ নিয়ে অভিযোগ তা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিই নয়। দাগ নম্বর তুলে শুনানিতে রাজ্যের আইনজীবীর দাবি, লিপস অ্যান্ড বাইন্ডসের অংশ ৫০৯ ও ৫১২। সেখানে কোনও ভাঙচুর চালানোই হয়নি। ভাঙা হয়েছে ৫০৭ দাগ নম্বরে। এই পরিস্থিততে স্থিতাবস্থার নির্দেশ প্রত্যাহারের আবেদন জানানো হয়। পাল্টা লিপস অ্যান্ড বাইন্ডসের আইনজীবী কিশোর দত্ত জানান, তাঁর মক্কেলকে নূন্যতম নোটিশ দেওয়া হয়নি। অভিযোগে কী ছিল, কোন নথির ভিত্তিতে বেআইনি নির্মাণ বলা হয়েছে- সেই সমস্ত তথ্যও দেওয়া হয়নি বলে অভিযোগ। কোনও বক্তব্যের সুযোগ না-দিয়েই দফতর ভাঙা হয়েছে বলে অভিযোগ কিশোর দত্তের। দু’পক্ষের বক্তব্য শোনার পরে ৬ অগাস্ট ফের এই মামলার শুনানির নির্দেশ দিয়েছেন বিচারপতি। ততদিন বজায় থাকবে স্থিতাবস্থা।