যত কাণ্ড বীরভূমেই। কয়েকদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন টুলু মণ্ডল। সেই মামলার সূত্র ধরেই এবার পুলিশের জালে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। তাঁর বোলপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা এবং গহনা।
বোলপুরে বাইপাস সংলগ্ন ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গলকে। টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের ফ্ল্যাট ও বাড়িতেও চলে তল্লাশি। টুলুর শ্যালকের আবাসনেই ফ্ল্যাট ছিলে সায়গল হোসেনের। শনিবার সায়গল হোসেনের ফ্ল্যাটে গতকাল প্রায় ১৬ ঘণ্টার ম্যারাথন তল্লাশি চলে পুলিশের। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের কালো টাকার সন্ধান চালাতে গিয়েই অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে পৌঁছন আধিকারিকরা।
পাথর ও বালি পরিবহনকারী গাড়িতে জাল ডিসিআর (DCR) ব্যবহার করে রাজ্য সরকারের কোটি কোটি টাকার রাজস্ব আত্মসাৎ করেছেন টুলু মণ্ডল। তাঁর সঙ্গে গভীর যোগ রয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর। বীরভূম জেলা পুলিশ এই আর্থিক কারচুপির ঘটনার তদন্তে নেমে প্রথমে টুলুর শ্যালকের আবাসন এলাকায় পৌঁছায়। তবে টুলু মণ্ডল কিংবা তাঁর আত্মীয়দের বদলে সরাসরি তল্লাশি চালানো হয় সায়গল হোসেনের ফ্ল্যাটে। তল্লাশি শেষে গ্রেফতারও করা হয়।
প্রসঙ্গত, বিগত সরকারের আমলে সিবিআই ও ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী। গরু পাচার মামলায় আর্থিক তছরুপের অভিযোগে এবং বেআইনিভাবে বিপুল সম্পত্তির মালিক হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। আড়াই বছর হাজতেও ছিলেন। কয়েক সপ্তাহ আগেই জেল থেকে ছাড়া পান সায়গল। ফের তাঁকে গ্রেফতার করল পুলিশ। রবিবার তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হবে।
















