মমতাপন্থী তৃণমূল কংগ্রেস (TMC) কর্মী- সমর্থকদের ভিড়ের ছবি যত স্পষ্ট হচ্ছে, ততই ভয় বাড়ছে বিজেপির (BJP)! জেলা থেকে শহর সর্বত্র তৃণমূল কর্মী-সমর্থকদের আটকানোর পর এবার চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে (Asit Majumder) গ্রেফতার করল পুলিশ। একুশে জুলাই বিড়লা তারামণ্ডলের (Birla Planetarium) সামনের সভামঞ্চে পৌঁছানোর কথা ছিল তাঁর। সেইমতো শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি যখন বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে পৌঁছে যায় পুলিশ।প্রাক্তন তৃণমূল বিধায়ককে থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। এরপর দুপুর বারোটার কিছু পরে তোলাবাজি সংক্রান্ত একটি নতুন মামলায় তাঁকে গ্রেফতারির খবর মিলেছে।
প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যায়, সিবিআই পরিচয় দিয়ে অসিতের বাড়ি গিয়ে হুমকি ভয় দেখানো ও টাকা চাওয়ার অভিযোগে হাবরা থেকে এক যুবককে সোমবার গ্রেফতার করে এনেছে চুঁচুড়া থানার পুলিশ (Chunchura Police)। তাঁকে চিহ্নিত করতে নাকি অসিতকে ডাকা হয়েছে। এই প্রসঙ্গে চুঁচুড়ার কোদালিয়া যুব সভাপতি পবিত্র মিস্ত্রি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবেই থানায় এনে বসিয়ে রাখা হয়েছে। যেভাবে ওনার নেতৃত্বে হাজার হাজার কর্মীরা উৎসাহ উদ্দীপনায় একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শহিদ সমাবেশে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন তাকে দমানোর জন্য পুলিশ এ কাজ করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী তোলাবাজি সংক্রান্ত মামলায় অসিতকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যায়নি।
















