একুশে জুলাইয়ের সকালে গ্রেফতার হন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। এরপর চুঁচুড়া আদালতে তোলা হলে পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। আদালতের বাইরে বেরোতেই স্বস্তি ফেরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে।
পুলিশ সূত্রে খবর, ২০১৩ সালের একটি পুরানো জমি ও আবাসন সংক্রান্ত চক্রান্ত এবং হুমকির অভিযোগে চুঁচুড়া থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা রুজু করে প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়।
তবে তৃণমূল শিবিরের দাবি, একুশে জুলাইয়ের সমাবেশে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়া আটক করতেই রাজনৈতিক উদ্দেশ্যে এই পদক্ষেপ করা হয়েছিল। প্রথমে সিবিআই পরিচয়ে এক প্রতারককে চিহ্নিত করার নাম করে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায় এবং পরে পুরনো অভিযোগে গ্রেফতার দেখায়। বিকেলে আদালতে প্রাক্তন তৃণমূল বিধায়কের আইনজীবী শুভাশিস চন্দ সওয়াল করে জানান, এই মামলায় প্রাক্তন বিধায়কের নাম জোর করে যুক্ত করা হয়েছে। সওয়াল-জবাব শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করে।
















