বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলিকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিল কলকাতা হাইকোর্ট। লাহেকের মা গুরুতর অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।  ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। এই পরিস্থিতি বিবেচনা করে কোর্ট অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করেছে।

গত জুন মাসের প্রথম সপ্তাহে বারুইপুর থানা এলাকার এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। তারই প্রতিবাদে বিক্ষোভে নামেন এলাকার মানুষ। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য লাহেক আলি। প্রতিবাদীদের মুখ হয়ে উঠেছিলেন লাহেক।

বারুইপুরের খোদারবাজার এলাকার বাসিন্দা লাহেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। ধর্ষণের ঘটনা সামনে আসার পর নির্দোষ ছেলেকে পিটিয়ে খুন, পুলিশকে মারধরের মতো একাধিক ঘটনা ঘটে। সেই অশান্তিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে সিপিএমের রাজ্য কমিটির সদস্য লাহেকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মোট ২৬ টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ১২ জুলাই বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে। একইসঙ্গেই জানানো হয়েছে, এই সময়কালে তিনি বারুইপুর অর্থাৎ নিজের এলাকার বাইরে যেতে পারবেন না। পাশাপাশি বারুইপুর থানা তদন্তে ডাকলে জিজ্ঞাসাবাদে হাজির সহযোগিতা করতে হবে। প্রায় ৫০ দিন জেলে ছিলেন লাহেক।