চলন্ত ট্রেনের ভেতর মহিলা যাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার হাড়োয়ার বিজেপি নেতার ভাইপো। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-হাসনাবাদ শাখায় লোকাল ট্রেনে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-হাসনাবাদ শাখার বহিরা কালীবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায়। এদিন ট্রেন বারাসত স্টেশন ছাড়ার পর পরেই এক মহিলা যাত্রীর সঙ্গে ট্রেনের এক যুবক অশালীন আচরণ করেন শুরু বলে অভিযোগ। মহিলা প্রতিবাদ করে চিৎকার করতেই ট্রেনের অন্য যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযুক্তকে ঘিরে ধরে অন্য যাত্রীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে বচসা তুঙ্গে ওঠে। উত্তেজিত জনতা তাঁকে মারধরও করে বলে অভিযোগ।
আরও পড়ুন: NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
শেষে বারাসত জিআরপির হাতে তাঁকে তুলে দেওয়া হয়। নির্যাতিতা মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে জিআরপি অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃতের নাম প্রকাশ ঘোষ। তিনি বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সদস্য তথা হাড়োয়ার ৩ নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি গণেশ ঘোষের ভাইপো। ঘটনায় অভিযুক্তের রাজনৈতিক পরিচয় সামনে আসতেই শোরগোল পড়েছে স্থানীয় রাজনীতিতে। তবে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন অভিযুক্তের কাকা বিজেপি নেতা গণেশ ঘোষ। তাঁর দাবি, "আমাকে কালিমালিপ্ত করতেই রাজনৈতিক চক্রান্ত করে ভাইপোকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।"
















