গণেশ পুজোর মণ্ডপের কাপড়ের রং নীল-সাদা কেন? এই প্রশ্ন তুলে অসন্তোষ প্রকাশ করলেন মালদহের হরিশ্চন্দ্রপুরের এক বিজেপি নেতা। অভিযোগ, হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি পুজো মণ্ডপের রং দেখে আপত্তি জানান স্থানীয় এক বিজেপি নেতা এবং প্যান্ডেলের কাপড় খুলে ফেলার দাবি তোলেন। ওই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়। ( যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উৎসব চলাকালীন ওই বিজেপি নেতা মণ্ডপ প্রাঙ্গণে উপস্থিত হয়ে উদ্যোক্তাদের কাপড়ের রং নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর দাবি, রাজনৈতিক রঙের ইঙ্গিতবাহী কাপড় ব্যবহার করে মণ্ডপ সাজানো হয়েছে, যা অবিলম্বে পরিবর্তন করা প্রয়োজন। এই নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে তাঁর বাদানুবাদও হয়। 

তবে এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশ ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের বক্তব্য, উৎসব ও পুজোর আয়োজনকে কোনও রাজনৈতিক রঙের বৃত্তে দেখা উচিত নয়। দীর্ঘদিনের সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে যে কোনও রঙের কাপড়ে মণ্ডপ সাজানোর স্বাধীনতা আয়োজকদের থাকা উচিত। এই ধরনের আচরণ উৎসবের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করে বলেও তাঁদের অভিযোগ। 

সামনেই দুর্গাপুজো। তার আগে পুজো মণ্ডপের নকশা ও সাজসজ্জা নিয়ে এই ধরনের সংঘাত যাতে সামাজিক সম্প্রীতিতে প্রভাব না ফেলে, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় নাগরিকেরা।