নির্মাণ ব্যবসায়ীর কাছে পাঁচ লক্ষ টাকার দাবি ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেতার নাম তুহিন পাল। তুহিনের বিরুদ্ধে প্রোমোটারের স্ত্রী বেহালা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তারপরেই বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে সাময়িক সাসপেন্ড করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বেহালার বনমালী নস্কর রোডের বাসিন্দা কাশীনাথ মণ্ডল। তিনি পেশায় একজন প্রোমোটার। তিনি কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডে একটি নির্মাণ কাজ করছিলেন। অভিযোগ, নিজেকে বিজেপির বেহালা মণ্ডল (২)-এর সভাপতি পরিচয় দিয়ে তুহিন পাল ও তাঁর সহযোগীরা কাশীনাথবাবুকে আটকে রেখে ৫ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধের হুমকি দেওয়া হয়।

এরপর বুধবার রাতেই কাশীনাথবাবুর স্ত্রী বেহালা থানায় এফআইআর দায়ের করেন। স্থানীয়দের অভিযোগ, এলাকার একাধিক ওয়ার্ডে নিয়মিত তোলাবাজির অভিযোগ উঠছিল এই বিজেপি নেতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে প্রথমে স্থানীয় স্তরে সুরাহা না হওয়ায় প্রোমোটার বিজেপির রাজ্য নেতৃত্বে জানান। দলের শৃঙ্খলারক্ষা কমিটি তুহিন পালকে দল থেকে সাসপেন্ড করে। আগামী ৭ দিনের মধ্যে কারণ দেখানোর নির্দেশ দেয়। সব অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযুক্ত তুহিন পাল দাবি করেন, "আমি দলের কিছু নেতার অন্যায়ের প্রতিবাদ করায় গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছি। আমাকে বদনাম করতে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে।"