এলাকায় এলাকায় সশরীরে জনসংযোগের চাইতেও বিজেপি এবার আরও বেশি করে জোর দিল সোশ্যাল মিডিয়ার উপর। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে দলের প্রশিক্ষণ শিবিরে কেন্দ্র ও রাজ্যের নেতারা বলেন, কেন্দ্র ও রাজ্যের প্রকল্পগুলোর আরও বেশি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে। জেলাস্তরে এই প্রচার নিয়ে যাওয়ার জন্য চিরাচরিত সোশ্যাল মিডিয়া প্রচারে থেমে থাকলে চলবে না। এআই ও আকর্ষণীয় ডিজিটাল উপস্থাপনা করতে হবে। শুধু কমিটেড ভোটারের দিকে নজর দিলে চলবে না। নতুন প্রজন্ম অর্থাৎ নতুন ভোটার জেনজিকে সঙ্গে নিতে হবে। এই লক্ষ্যেই ২২-৩০ অগাস্ট রাজ্য জুড়ে জেলাস্তরে প্রশিক্ষণ শিবির হবে। এর আগে মণ্ডল ও রাজ্যস্তরে প্রশিক্ষণ শিবির শেষ হয়েছে। যারা জেলায় গিয়ে দলীয় কর্মীদের প্রশিক্ষণ দেবেন, তাদের মধ্যে ৩৫০জনকে বাছাই করে রবিবার প্রশিক্ষণ দেন কেন্দ্র ও রাজ্যের নেতারা।
রবিবারের প্রশিক্ষণ শিবিরে ছিলেন দলের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক শিবপ্রকাশ, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনশল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাংসদ রাহুল সিনহা সহ অন্যান্য নেতৃত্ব।
















