এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করার ফন্দি আঁটছে কেন্দ্র, এই অভিযোগে সোচ্চার হলেন গ্রাহকদের একাংশ। সোমবার থেকে কলকাতা এবং সংলগ্ন দুই ২৪ পরগনায় শুরু হতে চলেছে ‘এক্সট্রা লাইট নাউ’ নামক একটি নতুন প্রকল্প। এই প্রকল্পে ১০ কেজির ফাইবার বা কম্পোজিট সিলিন্ডারের সংযোগ দেওয়া হবে। কিন্তু অভিযোগ, এই ১০ কেজির সিলিন্ডার পেতে গ্রাহকদের গুনতে হবে অত্যন্ত চড়া দাম, যা সাধারণ মধ্যবিত্ত মানুষের হেঁসেলে সরাসরি আঘাত হানবে।
বর্তমানে কলকাতায় প্রচলিত ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। কিন্তু নতুন এই প্রকল্পে মাত্র ১০ কেজি গ্যাসের দাম রাখা হয়েছে ১,৬১৮ টাকা। অর্থাৎ, পরিমাণে প্রায় সাড়ে চার কেজি কম হওয়া সত্ত্বেও দাম দিতে হচ্ছে ৬৫০ টাকা বেশি। কেন এত বেশি টাকা দিয়ে কম গ্যাস কিনতে বাধ্য করা হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। বিরোধীদের দাবি, কৃত্রিম সংকট তৈরি করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে সামনে রেখে এই সিদ্ধান্ত আসলে কেন্দ্রীয় সরকারের এক নতুন ‘জুমলাবাজি’।
আন্তর্জাতিক ক্ষেত্রে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনার আবহ তৈরি হওয়ার পর থেকেই নতুন রান্নার গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ। এমনকী, আবেদন করার পরও মিলছে না 'উজ্জ্বলা' যোজনার সংযোগ। পেট্রলিয়াম মন্ত্রকও স্পষ্ট করতে পারছে না কবে থেকে স্বাভাবিক নতুন সংযোগ চালু হবে। এই সুযোগেই চড়া দামের ১০ কেজির সিলিন্ডার গ্রহণে গ্রাহকদের বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
হিসেব বলছে, কলকাতা ও দুই ২৪ পরগনায় এই নতুন সংযোগ নিতে এক লপ্তে খরচ হবে ৪,৮০৪ টাকা। তার ওপর রিফিলের জন্য লাগবে ১,৬১৮ টাকা। ফলে ভর্তুকিহীন চড়া দামে এই গ্যাস কিনতে গিয়ে হিমশিম খেতে হবে মধ্যবিত্ত পরিবারগুলিকে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, সরাসরি দাম না বাড়িয়ে ঘুরপথে রান্নার গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করল কেন্দ্র। প্রাথমিকভাবে তিনটি জেলায় এই প্রকল্প চালু হলেও, আগামী দিনে তা গোটা রাজ্যেই ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে আশঙ্কা করছেন গ্রাহকরা।
















