হাসপাতালে ভর্তির ৫ দিনের মাথায় ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর (Budhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্য। গত শুক্রবার বেলা ১২ টা নাগাদ তীব্র পেটে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে শুরু হয় শ্বাসকষ্টও। কলকাতার এক বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর পেটের ডানদিকে তীব্র ব্যথা। হাসপাতালে সিটি স্ক্যানের (CT Scan) পর দেখা যায় পেটের ডানদিকে কোনও অস্বাভাবিকতা না থাকলেও পেটের বাম অংশে থাকা বৃহদন্ত্রে জমেছে পুরু আস্তরণ। পরে কোলোনোস্কপিতেও প্রদাহ নজরে আসে।
বুদ্ধ-জায়ার জন্য শুক্রবারই চিকিৎসকদের একটি মেডিক্যাল বোর্ড (Medical Board) গঠন করা হয়। সেই টিমে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সঙ্গে ছিলেন কার্ডিওলজিস্টও। চিকিৎসক সৌতিক পন্ডার তত্ত্বাবধানে ছিলেন তিনি।
মীরার শারীরিক খবর পেয়েই চলে আসেন একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য। শনিবার তাঁকে দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসকেরা তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার হাসপাতাল থেকে বেরনোর সময়ে চিকিৎসকরা তাঁকে বলেন,”আপনি তো কিছুই খান না”। এর উত্তরে মীরা বলেন, ”না খেলে বেঁচে আছি কীভাবে? আমি অল্প খাই”।
যদিও চিকিৎসকেরা মীরাকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন সময় মতো খাওয়ার। এদিন বাড়ি ফেরার আগে মীরা জানান, তিনি এখন ভালো আছেন।















