বৃহস্পতিবার সকাল থেকে যখন রাজ্যজুড়ে রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে ঠিক তখন মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে (Road Accident in Digha - Nandakumar National Highway)। হেঁড়িয়া এলাকায় দাঁড়িয়ে থাকা বেসরকারি বাসে ধাক্কা দ্রুতগতির লরির, ঘটনাস্থলেই মৃত্যু বাসের মালিক, চালক ও দুই হেল্পারের। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে তমলুক জেলা হাসপাতালে (Tamluk Hospital) ভর্তি করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে দিঘা (Howrah to Digha) যাওয়ার পথে রথযাত্রার ভোররাতে হেঁড়িয়া এলাকায় বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর জাতীয় সড়কের ধারে বাসটি দাঁড় করিয়ে মেরামতির কাজ শুরু হয়। সেই সময় পিছন থেকে ধাক্কা মারে দ্রুতগতির লরি। প্রবল অভিঘাতে বাসের তলায় চাপা পড়ে মৃত্যু হয় তপন দাস (৪৪), শিবব্রত পট্টনায়েক (৫৯), অশোক মাইতি এবং শুভদীপ মণ্ডলের।জাতীয় সড়কের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করে তদন্ত শুরু করেছে খেজুরি থানার পুলিশ। ঘাতক লরিটি আটক করা হয়েছে।