তোলা না পেয়ে এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর ও নগদ টাকা লুঠ করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে বসিরহাট দক্ষিণের বিজেপি মণ্ডল সভাপতি কুণাল ব্রহ্ম ও তাঁর অনুগামীদের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি উত্তর বাগুন্ডির বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাঁর কাছে দুই লক্ষ টাকা তোলা দাবি করে হুমকি দিচ্ছিল কুণাল ব্রহ্ম এবং তাঁর সঙ্গী গোপাল অধিকারী, জিয়ারুল মল্লিক, রাজেশ মোল্লা ও জাহাঙ্গির মোল্লা। সেই টাকা দিতে অস্বীকার করায় তাঁর উপর আক্রোশ বাড়ে অভিযুক্তদের।
আক্রান্ত ব্যবসায়ীর স্ত্রীর বয়ান অনুযায়ী, গত ১৮ অগাস্ট বিকেলে কাজ সেরে বাড়ি ফেরার পথে তাঁর স্বামীর পথ আটকায় দুষ্কৃতীরা। অভিযোগ, প্রথমে তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় এবং সঙ্গে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ব্যবসায়ী বাধা দেওয়ার চেষ্টা করলে লোহার রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের জেরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তের স্ত্রীর তরফে বসিরহাট থানায় কুণাল ব্রহ্ম ও তাঁর দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
















