বিগত তৃণমূল সরকারের আমলে আরজি কর ঘটনার সঠিক তদন্ত হয়নি বলে অভিযোগ উঠেছিল। বর্তমানে রাজ্যে বিজেপির শাসন চলছে। চিকিৎসককে ধর্ষণ-খুনে নির্যাতিতার মা এখন বিধায়িকা। এবার ফের এই ঘটনার তদন্ত হচ্ছে নতুন করে। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুন কাণ্ডে তদন্তের জাল গোটাতে দিল্লি থেকে ৪ সদস্যের সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দল পৌঁছয় হাসপাতালে।
জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে সিনিয়র আধিকারিকদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। যেই যায়গায় তরুণী চিকিৎসককে যেখানে ধর্ষণের পর খুন করা হয়েছিল সেই জায়গা ফের খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা। আদালতে নির্যাতিতার মায়ের আবদনের ভিত্তিতেই এই সিবিআইয়ের দলকে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকালে কলকাতার সিবিআই দফতরে দীর্ঘসময় বৈঠকের পর দুপুর সিবিআইয়ের বিশেষ দল পৌঁছয় ঘটনাস্থলে।
কিছুদিন আগেই নির্যাতিতার বাবা-মায়ের দাবি মেনে আর জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে সরিয়ে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে সন্দীপনী গর্গকে। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে এই ঘটনার তদন্তের ১২ নম্বরের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ে। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে গঠিত সিট তদন্ত শুরু করেছে বলে জানান সিবিআইয়ের আইনজীবী পার্থসারথী দত্ত। আগের যাঁরা ছিলেন তাঁরা তদন্ত করতে পারেননি বলেই অভিযোগ অভয়ার বাবা-মায়ের আইনজীবী অমর্ত্য দে এবং রাজদীপ হালদারের।
















