জামিন পেয়ে আর আদালতের পথ মাড়াচ্ছেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শিক্ষক নিয়োগ মামলায় বেশ কয়েকবছর জেলবন্দি থাকার পর গত বছরের শেষে জামিন মিলেছে পার্থর। কিন্তু শর্ত ছিল সপ্তাহে একদিন করে তাঁকে থানায় হাজিরা দিতে হবে। কিন্তু অভিযোগ, সপ্তাহের পর সপ্তাহ হাজিরা এড়াচ্ছেন পার্থ। বৃহস্পতিবারও হাজিরা দেননি তিনি। বিশেষ আদালতে অভিযোগ করে সিবিআই (CBI)। মামলার পরবর্তী শুনানি ২৯ সেপ্টেম্বর। 

এসএসসি (SSC) নিয়োগ মামলায় ২০২২ সালের জুলাই মাসে প্রথমে ইডি (ED), পরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৎকালীন মন্ত্রী পার্থ। তাঁর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। এই ঘটনা সেই সময় রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল। ২০২৫-র নভেম্বরে শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে সিবিআইয়ের বিশেষ আদালত। কিন্তু শর্ত ছিল সপ্তাহে একদিন আদালতে হাজিরা দিতে হবে পার্থকে। কিন্তু সেই শর্ত পার্থ মানেননি বলে অভিযোগ। 

শর্ত ভঙ্গের অভিযোগ তুলে পার্থর জামিন খারিজের আবেদন জানিয়ে আদালতে মামলা করেছে সিবিআই। পাল্টা পার্থর আইনজীবীর দাবি, তাঁর মক্কেল এই মুহূর্তে অসুস্থ। তাই নিয়মিত আদালতে হাজিরা দিতে পারছেন না। কোনও শর্ত লঙ্ঘন করেননি তাঁর মক্কেল। ২৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সেক্ষেত্রে তাঁর জামিন খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আইনজীবী মহল।