বিধানসভা নির্বাচন (Assembly Election) মিটে দিয়েছে তিনমাসের বেশি। নতুন সরকার পেরিয়ে গিয়েছে ১০০ দিন। তার পরেও বাংলায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। এর পরেও আরও কেন্দ্রীয় বাহিনী আসছে পশ্চিমবঙ্গে। আর তা নিয়ে কটাক্ষ বিরোধীদের। তৃণমূলের (TMC) প্রশ্ন, তাহলে কি রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ব্যর্থ?

নির্বাচনের আগে রাজ্যে আসে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের ফল বেরোনর পরে নির্বাচনী আচরণ বিধি উঠে যেতেই তাদের আবার ফেরত পাঠায় রাজ্য। কিন্তু ব্যতিক্রম ২০২৬। রাজ্যে পালাবদলের পরে পশ্চিমবঙ্গে রয়েছে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আনা হচ্ছে আরও ৫০ কোম্পানি বাহিনী। সূত্রের খবর, দুর্গাপুজোর (Durga Pujo) জন্য আইন-শৃঙ্খলা সামলানো প্রয়োজন। পাশাপাশি রাজ্য পুলিশে (Police) প্রচুর শূন্য পদ রয়েছে। সেই কারণেই রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও ৫০ কোম্পানি বাহিনীর জন্য চিঠি লেখা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে বঙ্গে। 

নতুন করে পাঠানো বাহিনীর মধ্যে রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF), সশস্ত্র সীমা বল (SSB) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল (CRPF)। নতুন ৫০ কোম্পানি এলে রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ দাঁড়াচ্ছে ১০০ কোম্পানি।

আর এখানেই বিরোধীদের প্রশ্ন তাহলে কি রাজ্য পুলিশ রাজ্যের আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ। না হলে কেনও এত বাহিনীর প্রয়োজন! পাশাপাশি প্রশ্ন উঠছে, রাজ্যে পুলিশে দফায় দফায় নিয়োগের প্রতিশ্রুতি দেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতি মতো রাজ্যে পুলিশে নিয়োগ করে কেন ঘাটতি পূরণ করা হচ্ছে না! তবে, এই বাহিনী আনার পিছনে কারণ জানিয়ে বিজেপি সরকারের পক্ষ থেকে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।