সপ্তাহ পেরোতে না পেরোতেই পশ্চিমবঙ্গ সরকারের গঠিত সপ্তম বেতন কমিশনের (Seventh Pay Commission) শীর্ষ পদে পরিবর্তন। রাজ্য সরকারের নতুন নির্দেশ অনুযায়ী, কমিশনের চেয়ারম্যান হিসেবে থাকছেন না প্রাক্তন আমলা অতনু চক্রবর্তী (Former bureaucrat Atanu Chakraborty)। তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব নবীন প্রকাশকে (Former Additional Chief Secretary of the state, Naveen Prakash)। বুধবার অর্থ দফতরের অডিট শাখা থেকে জারি হওয়া সংশোধিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
গত ২২ জুলাই সপ্তম বেতন কমিশন গঠনের সময় চেয়ারম্যান হিসেবে অতনু চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়েছিল। তিনি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের প্রাক্তন সচিব এবং অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক। তবে সেই সিদ্ধান্তে সংশোধন এনে এবার নবীন প্রকাশকে কমিশনের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
রাজ্যপালের নির্দেশ অনুযায়ী অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত কুমার মিশ্র (Additional Chief Secretary Prabhat Kumar Mishra) সংশোধিত রেজোলিউশনে সই করেছেন। বিজ্ঞপ্তির অনুলিপি কমিশনের সদস্যদের পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতর, রাজভবন, পশ্চিমবঙ্গ বিধানসভা, পাবলিক সার্ভিস কমিশন এবং সংশ্লিষ্ট সরকারি দফতরগুলির কাছেও পাঠানো হয়েছে।
















