পুজোর আগে বড়সড় সুখবর। একদিকে প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের ভাতা বাড়িয়ে ১৫০০ টাকা করা হচ্ছে, অন্যদিকে একাধিক সরকারি কর্মী ও শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদেরও বাড়ানো হচ্ছে মাসিক ভাতা। সোমবার থেকেই নতুন হারে টাকা পাঠানোর শুরু করছে রাজ্য সরকার। এদিন নবান্ন সভাঘর থেকে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতার ক্ষেত্রে এতদিন ১ হাজার টাকা করে দেওয়া হত। এবার সেই অঙ্ক বেড়ে ১৫০০ টাকা করা হচ্ছে। আগামী দু-তিন দিনের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে (Account) টাকা পাঠানোর কাজ শেষ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকারের (State Government) হিসাব অনুযায়ী, সব মিলিয়ে প্রায় ৮২.০৫ লক্ষ মানুষ এই ভাতার সুবিধা পাবেন। এর মধ্যে প্রায় ৬০ লক্ষ রয়েছেন বার্ধক্য ভাতার উপভোক্তা। ৬০ থেকে ৭৯ বছর বয়সীদের ক্ষেত্রে কেন্দ্রের তরফে ২০০ টাকা এবং ৮০ বছরের বেশি বয়সীদের জন্য ৫০০ টাকা সহায়তা রয়েছে। বাকি টাকা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দেবে। আরও প্রায় ৪০ লক্ষ মানুষ রাজ্যের সমাজকল্যাণ দফতরের নিজস্ব প্রকল্পের মাধ্যমে ভাতা পাবেন।
তবে শুধু সামাজিক সুরক্ষা প্রকল্পেই নয়, শিক্ষা ও সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত একাধিক কর্মীর জন্যও এসেছে সুখবর। প্রাইমারি ও আপার প্রাইমারি স্তরের প্যারা টিচারদের মাসিক ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। একই পরিমাণ বৃদ্ধি হয়েছে শিক্ষা বন্ধু এবং স্পেশাল এডুকেটরদের ক্ষেত্রেও।
ম্যানেজমেন্ট স্টাফদের জন্য পদ অনুযায়ী ৫ হাজার, ৭ হাজার এবং ১০ হাজার টাকা পর্যন্ত ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে। এসএসকে-র সহায়ক এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদেরও ৫ হাজার টাকা করে ভাতা বাড়ানো হয়েছে।
বন দফতরের (Forest Department) কর্মী ও বন সহায়কদের জন্যও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বনকর্মীদের ক্ষেত্রে ৫ হাজার টাকা বৃদ্ধি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
এদিকে প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল ভাতাও বাড়ানো হয়েছে। ৬ হাজার টাকা থেকে তা বেড়ে হয়েছে ১০ হাজার টাকা। এই বৃদ্ধি পয়লা অগস্ট থেকেই কার্যকর হয়েছে। পাশাপাশি, বিধায়কদের চালু করা নেতাজি সেবা কেন্দ্রের জন্য ৩০ হাজার টাকা দেওয়ার কথাও জানানো হয়েছে।
শিক্ষা দফতরের যে ১৪টি গ্রুপ বাজেটে প্রত্যাশিত সুবিধা পায়নি, তাদের জন্যও অতিরিক্ত ৩৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। ফলে সামাজিক সুরক্ষা থেকে শিক্ষা ও সরকারি পরিষেবা, একাধিক ক্ষেত্রে ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে পুজোর আগে বড় আর্থিক স্বস্তি মিলতে চলেছে।
















