ইতিহাসে এই প্রথম ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় কারাবন্দি ৩২৫ জনকে 'পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানি সম্মান' প্রদান করা হল। রবিবার, নবান্নে এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই সম্মান তুলে দেন। সম্মানপ্রাপকরা প্রতি মাসে ১০হাজার টাকা করে ভাতা পাবেন। এর পাশাপাশি বিশেষ চিকিৎসার সুবিধা ও সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন লোকতন্ত্র সেনানিরা। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় (Tapas Ray) ও অন্যান্যদের উপস্থিতিতে লোকতন্ত্র সেনানিদের হাতে তাম্রপদক ও সম্মান তুলে দেওয়া হয়।

'পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানি সম্মান'-এ সম্মানিত ৩২৫ জন প্রতি মাসে ১০ হাজার টাকা করে সম্মানিক ভাতা দেওয়া হবে। সমস্ত সরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধার জন্য তাঁদের ১ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। নির্দিষ্ট সংবর্ধিত ব্যক্তি বেঁচে না থাকলে তাঁর স্ত্রী বা স্বামী এই সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করবেন। সরকারি বাসে (Government Bus) সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। শুভেন্দু বলেন, “হৃদয় থেকে দণ্ডবৎ প্রণাম নিবেদন দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের যারা সেনানি, তাঁদের প্রত্যেককে।”

জরুরি অবস্থার ভয়ঙ্কর দিনের কথা স্মৃতিচারণা করে মুখ্যমন্ত্রী বলেন, “গোটা দেশে এক লক্ষ মানুষকে জেলবন্দি করা হয়। বাংলার কমপক্ষে ৫ হাজার মানুষ ছিলেন। গণতন্ত্রের কণ্ঠরোধ করার সেই অপচেষ্টার বিরুদ্ধে যাঁরা জেলের অন্ধকারে কাটিয়েছিলেন, তাঁদের ত্যাগের ফলে দেশে সংসদীয় গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত রয়েছে।” মুখ্যমন্ত্রীর কথায়, লোকতন্ত্র সেনানিদের সাহায্য ছাড়া এই কাজ সম্ভব হত না। তাঁদের তথ্য প্রদানও অত্যন্ত উপযোগী হয়েছে।

এদিনের অনুষ্ঠানে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) অবদানের কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অতীতে রাষ্ট্রবাদ, দেশপ্রেম ও সনাতন সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল। বর্তমান প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদের অবদানের কথা তুলে ধরতে হবে বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। সে কারণে শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মবার্ষিকীতে ১৩ অগাস্ট সচিবালয়ে মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ কমিটি গঠিত হবে। ওই কমিটির মাধ্যমে শ্যামাপ্রসাদের আদর্শ ও বঙ্গভঙ্গের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।