“দেশের সেরা পুলিশ বাহিনী গড়ে উঠুক এ রাজ‍্যে – এটা মুখ‍্যমন্ত্রী হিসেবে আমার প্রত‍্যাশা।” বৃহস্পতিবার বারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং অ্যাকাডেমির (PTA) ‘বড়া খানা’ অনুষ্ঠানে যোগ দিয়ে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adikari)। “জানবেন পুলিশমন্ত্রী পুলিশের পাশেই আছে”- এই বার্তা দিয়ে পুলিশ আধিকারিক-কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন শুভেন্দু।

প্রথামাফিক উত্তীর্ণ ব্যাচের পুলিশদের বিশেষ সংবর্ধনার উদ্দেশ্যে প্রতিবছর রাজ্য পুলিশের (Sate Police) তরফে ‘বড়া খানা’র আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ বারাকপুরের স্বামী বিবেকানন্দ রাজ‍্য পুলিশ অ‍্যাকাডেমিতে এই ‘বড়া খানা’র  অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী। তাঁকে ‘গার্ড অফ অনার’ (Guard Of Honour) দেওয়া হয়। তাঁর জমানায় পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে মুখ‍্যমন্ত্রী বলেন, “নানা প্রতিবন্ধকতার মধ‍্যে আপনাদের কাজ করতে হচ্ছে জানি। দুর্নীতি দমন থেকে আইনশৃঙ্খলা রক্ষা – সবেতেই আপনারা যোগ‍্যতার পরিচয় দিয়েছেন। আমাদের কিছু সীমাবদ্ধতা ও আর্থিক ঋণ আছে, তবু দেশের সেরা পুলিশ বাহিনী গড়ে উঠুক এ রাজ‍্যেই, এটা মুখ‍্যমন্ত্রী হিসেবে আমার প্রত‍্যাশা। আপনারা পারবেন, সে বিশ্বাস আমার আছে।” 

 রাজ্য পুলিশের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ”সঠিক প্রশিক্ষণ ও পরিকাঠামো পেলে পশ্চিমবঙ্গ পুলিশ যে কোনও কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সমান দক্ষতায় কাজ করতে সক্ষম হবে।”

এদিন মূলত ২০২২ সালের উত্তীর্ণ ব্যাচের পুলিশদের বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা ও পুলিশের শীর্ষ কর্তারা। পুলিশকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, “জানবেন পুলিশমন্ত্রী পুলিশের পাশেই আছে।” মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী জানান, ”শুধু আইজি বা ডিআইজি স্তরের বৈঠক নয়, সব স্তরের পুলিশকর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করা হবে।”

এদিন মধ্যাহ্নভোজের মেনুতে ছিল নানা রকমের পদ। পরিবেশিত হয় বাঙালি পদ। ভাত, ডাল, ঝুরো আলুভাজা, ফিশ ফ্রাই, পাঁচ মিশালি তরকারি, ধোঁকার ডালনা, কাতলা কালিয়া, চিকেন কষা, মটন কষা, আমের চাটনি, পাপড়, দই ও রসগোল্লা। সকলের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সেরে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন ‘আমি তোমাদেরই লোক’।