উত্তরবঙ্গ সফরে একদিনে তিনজেলায় কর্মসূচি। জলপাইগুড়িতে মূর্তি নদীর উপর সেতু উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রায় ২০ কোটি ব্যয়ে তৈরি সেতুতে নাগরাকাটার সঙ্গে জুড়ল জলপাইগুড়ি (Jalpaiguri)। মুখ্যমন্ত্রী জানান, আরও দু’টি সেতু তৈরির কাজ চলছে। পাশাপাশি গত বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কালীখোলা বিজ্র তৈরির অনুমোদনও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 

এক সময় মূর্তি নদীর উপর কাঠের সেতু (Wooden Bridge) ছিল। বেশ জনপ্রিয় কাঠের ব্রিজে অনেক সিনেমার শুটিং হয়েছে। নানা গানের দৃশ্যেও এই এলাকা দেখা গিয়েছে। চারপাশে জঙ্গল, নদী এবং পাহাড়ি পরিবেশ। নতুন মূর্তি সেতুর (Murti Bridge) ফলে নাগরাকাটা ও জলপাইগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে। স্থানীয়দের পাশাপাশি পণ্যবাহী গাড়ি এবং বিভিন্ন ধরনের বাণিজ্যিক যানবাহনের চলাচলেও সুবিধা হবে। উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার জলপাইগুড়িতে মূর্তি নদীর উপর সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বলেন, “প্রায় ২০ কোটি ব্যয়ে এই সেতু নির্মাণ করা হল। আরও ২টি ব্রিজ তৈরি করা হচ্ছে। এ ছাড়াও গত বছর প্রাকৃতিক দুর্যোগে কালীখোলা বিজ্রের উপর যে সেতুটি ভেঙে গিয়েছিল। সেটির কাজের অনুমোদন দিয়ে গেলাম। দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু হবে।” পূর্ত দফতরের সড়ক বিভাগ সূত্রে খবর, সেতুটি প্রায় ১২৬ মিটার লম্বা, চওড়া প্রায় ১৩ মিটার। তৈরিতে খরচ হয়েছে প্রায় ১৭ কোটি টাকা।  

জলপাইগুড়িতে সেতুর উদ্বোধনের আগে কোচবিহারের (Coochbehar) মদনমোহন মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, “এক বছরের মধ্যে কোচবিহারবাসীর সব চাওয়া পূর্ণ হবে।”