টানা বৃষ্টিতে আবহাওয়ার অবনতি। সড়কপথেই মুর্শিদাবাদের যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার মুর্শিদাবাদ (Murshidabad) সফর। শুক্রবার আকাশপথেই মুর্শিদাবাদে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির (Rain) জেরে সেই পরিকল্পনা বদলে জাতীয় সড়ক ধরেই চলেছেন শুভেন্দু। 

মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুভেন্দু প্রথম মুর্শিদাবাদ সফরকে ঘিরে উন্মাদনা বিজেপির নেতা-কর্মীদের মধ্যে। এদিন বহরমপুরের একটি হোটেলে বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন শুভেন্দু। রবীন্দ্রসদনে হবে প্রশাসনিক বৈঠক। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) গড় বলে পরিচিত রেজিনগরে দলীয় সভাও রয়েছে শুভেন্দুর। 

২৯ জুন বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমার মনে হয়েছে এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। মনে রাখবেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে সেসময় যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এখন এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। দুটো কেস আমরা রুজু করেছি। বিএনএস এর সব মামলা দিয়েছি। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে, আমি এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি। দেশে আইন শেষ কথা বলে, কোনও বাপের বেটা বলে না।” এই হুঁশিয়ারির পরে এদিন রেজিনগরের সভা থেকে শুভেন্দু কী বার্তা দেন সেদিকেই নজর।