মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে বাঁচল শিশুদের রূপকথার জগৎ। বন্ধ হচ্ছে না নেহরু চিলড্রেন্স মিউজিয়াম (Nehru children's museum)। বৃহস্পতিবার, সোশাল মিডিয়ায় (Social Media) বিজ্ঞপ্তি জারি করে জানায় জাদুঘর কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শদাতা সুব্রত গুপ্তকে (Subrata Gupta) ধন্যবাদ জানিয়েছে তারা। এই খবরে খুশি ছোটরা, একই সঙ্গে তাদের অভিভাবকরাও।  

রামায়ণ ও মহাভারতের কাহিনী থেকে বিদেশী রূপকথা- ৯৬টি দেশের ১,১০০-এরও বেশি পুতুল নিয়ে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম যেন শিশুদের স্বপ্নের জগতের বাস্তবরূপ। রয়েছে ৩০০টি মূর্তি নিয়ে ‘গণেশ গ্যালারি’। সম্প্রতি নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে তৃতীয় পক্ষের সংস্থা দিয়ে সমীক্ষা চালানো হয়। দেখা যায়, অগ্নিসুরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণের প্রয়োজন, যাতে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ পড়বে। কিন্তু জাদুঘর কর্তৃপক্ষ ওই খরচ করতে অপারগ। এদিকে রক্ষণাবেক্ষণ না করে মিউজিয়াম চালু রাখলে ঝুঁকির আশঙ্কা থাকছে। ফলে নেহরু চিলড্রেন্স মিউজিয়ামের তরফে সেটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

শিশুদের সেই কল্পজগত বাঁচাতে এগিয়ে আসে মুখ্যমন্ত্রীর দফতর। ডিরেক্টর সুদীপ শ্রীমালের সঙ্গে যোগাযোগ করে সিএমও অফিস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এ বিষয়ে কথা হয়।

এদিন, সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম কর্তৃপক্ষ জানায়, জাদুঘর খোলা থাকবে। রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া মিউজিয়াম খোলা অসম্ভব ছিল। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শদাতা সুব্রত গুপ্ত ধন্যবাদও জানিয়েছেন তারা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যের হস্তক্ষেপে ফের প্রাণ ফিরে পেল ছোটদের রূপকথার জগৎ।